বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের অনিয়মিত শিল্পীদের সম্মানীর ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে আঞ্চলিক পরিচালক নাসরুল্লাহ মো. ইরফানকে গতকাল রোববার বেলা ১১টা থেকে তাঁর কার্যালয়ে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় শিল্পীরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তালা খোলার ব্যবস্থা করে। বেতারের অনিয়মিত শিল্পীরা বলেন, প্রতিদিন আট ঘণ্টা দাপ্তরিক কাজ করে মাস শেষে তাঁরা এক হাজার ৮০০ থেকে চার হাজার ৫০০ টাকা সম্মানী পেয়ে থাকেন। তাঁদের কোনো ইনক্রিমেন্ট, উৎসব-ভাতা, বাড়িভাড়া কিংবা সরকার ঘোষিত কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না।রাজশাহী বেতারের অনিয়মিত শিল্পীরা বলেন, গত জুলাই থেকে তাঁদের সম্মানী থেকে উৎসে কর হিসাবে ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিচালককে তাঁরা অনুরোধ জানিয়ে আসছিলেন যেন অন্য বেতারে এ সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত তাঁদের টাকা কেটে নেওয়া না হয়। পরিচালক তাঁদের এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ (গতকাল) বেতনের চেকে দেখা যায়, ১০ শতাংশ কেটে নেওয়ার হয়েছে। এর প্রতিবাদেই শিল্পীরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন। আঞ্চলিক পরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন, অনিয়মিত শিল্পীদের দাবির সঙ্গে তিনি একমত, কিন্তু এটা ওপরের সিদ্ধান্ত। এই অনিয়মিত শিল্পীরা হলেন যন্ত্রী, গায়ক, অনুষ্ঠান ঘোষক, টাইপিস্ট, কপিস্ট, সংগীত সংকলক, অনুষ্ঠান সচিব, কম্পিউটার অপারেটর, সংগীত প্রযোজক, নাট্য প্রযোজক, চৌকিদার, পিয়ন, মালী, পরিচ্ছন্নতাকর্মী, উিউটি অফিসার, বুথ অপারেটর, হিসাব সহকারী প্রভৃতি।