রাজশাহী বোর্ডে এগিয়ে বগুড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএতে এগিয়ে বগুড়া জেলা। এ জেলার বিদ্যালয়গুলো থেকে ৭ হাজার ৭৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে পাসের হারে এগিয়ে বগুড়া জেলা। এখানে পাসের হার ৯৮ দশমিক ৬৩ শতাংশ। এরপর আছে জয়পুরহাট জেলা। এখানে পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। পাবনা জেলায় আছে এর পরপরই। এ জেলায় পাসের হার ৯৭ দশমিক ৯৬ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবারও ভালো ফলাফল করেছে। এ বিদ্যালয় থেকে ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৩ জনই জিপিএ-৫ পেয়েছে। গতবার শিক্ষা বোর্ডে দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল প্রকাশের পর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সবাই উৎসবে মেতে ওঠে। বাদ্য বাজিয়ে, সেলফি তুলে, মিষ্টি বিতরণ করে তারা উচ্ছ্বাস প্রকাশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, ধারাবাহিক এই সাফল্যের পেছনে বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতার কড়াকড়ি, নিয়মানুবর্তিতা, আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই ভূমিকা রেখেছে।
বগুড়া জিলা স্কুল থেকে এবার ২৪২ জনের মধ্যে ২৪০ জন জিপিএ-৫ পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ভালো ফলাফলের এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে।
বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার ৩৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে।
পিএসসি পরীক্ষায় গতবারের সেরা বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার ৪১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৬১ জন জিপিএ-৫ পেয়েছে। বগুড়া জিলা স্কুল থেকে এবার ২৫৬ জনের মধ্যে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। সেই সঙ্গে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ২৫১ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৩ জন। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। আর বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৪২ জনের মধ্যে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে।