রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে। এই বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ৮৮ শতাংশ। গতবার এই হার ছিল ৬৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২১২ জন। গতবার পেয়েছিল এক হাজার ৫০৮ জন।রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার দুই হাজার ৮৯০টি বিদ্যালয়ের এক লাখ ৮৭ হাজার ৭৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে এক লাখ ৪৯ হাজার ৯৫৯ জন পাস করেছে। গতবার দুই হাজার ৮৫৩টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৩ হাজার ৭০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০ হাজার ৫৩৯ জন পাস করে।বোর্ডের পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রীদের চেয়ে ছাত্ররা একটু এগিয়ে রয়েছে। এবার ছাত্রদের পাসের হার ৮০ দশমিক ৭০ শতাংশ। জিপিয়ে-৫ পেয়েছে দুই হাজার ২৯০ জন। গতবার ছিল ৮৯৭ জন।এবার ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ১০ শতাংশ। গতবার এই হার ছিল ৬০ দশমিক ৬৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯২২ জন। গতবার ছিল ৬১১ জন।রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে জোবায়ের হোসেন। তার বড় বোন মাহফুজ আরা জেসমিন বলেন, তাঁর ভাই ছোট থেকেই তাঁর কাছে থেকে পড়াশোনা করে। তিনি বলেন, শিক্ষক-অভিভাবক সবার সম্মিলিত চেষ্টার কারণেই তাঁর ভাই ভালো ফল করেছে।বোর্ডের সেরা ২০ তালিকায় থাকা প্রতিষ্ঠান রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় (হেলেনাবাদ) থেকে জিপিএ-৫ পেয়েছে ফাতেমা খান। সে জানায়, তাদের বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা খুব বেশি মেনে চলা হয়। শিক্ষকেরা ভালো গাইড করেন। নিজের সঙ্গে বাবা-মায়েরও চেষ্টা ছিল। এ জন্যই ভালো ফল হয়েছে।ভালো ফলের ব্যাপারে রাজশাহী নগরের সেরা বিদ্যালয় সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক হাবিব বলেন, তাঁদের শিক্ষার্থীরা মেধাবী, অভিভাবকেরা সচেতন আর শিক্ষকেরা যত্নবান। তাঁরা শ্রেণীকক্ষে এবং পরীক্ষার আগে কয়েকটি মডেল টেস্ট নিয়েছেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফল হচ্ছে।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, এই পরীক্ষায় অকৃতকার্য হলে আর নবম শ্রেণীতে ওঠা যাবে না। আর পড়াশোনা ছাড়া সামনে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই—এই চিন্তাও সবার মাথায় ঢুকেছে। এ কারণে শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি সতর্ক হয়েছে। এ ব্যাপারে মনে হচ্ছে অভিভাবকদের যত্নটাও বেশি কাজে দিয়েছে। আগের চেয়ে শিক্ষকেরাও বেশি যত্নবান এবং ক্লাসমুখী হয়েছেন। বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যাও বেড়েছে। সব মিলিয়ে ভালো ফল হয়েছে।