রাজশাহী বোর্ডে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বোর্ডের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বাণিজ্য বিভাগের আজ রোববার ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেছে।

জানা যায়, আজ বাণিজ্য বিভাগের নিয়মিত ব্যাচের ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন’ বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা ছিল। এর বিষয় কোড ২৮৬। একই বিষয়ে পুরাতন ব্যাচেরও পরীক্ষা ছিল। কিন্তু তাদের বিষয়ের নাম ‘অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন’। এর বিষয় কোড ২৩৩।
আজ অনুষ্ঠিত দুটি পরীক্ষাই ‘খ’ সেটের প্রশ্নপত্রে নেওয়া হয়। কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পর পুরাতন ব্যাচের শিক্ষার্থীরা বুঝতে পারে, এ প্রশ্ন তাদের নয়। প্রশ্নে তাদের অর্থায়ন অংশ থেকে কোনো প্রশ্ন করা হয়নি। বিষয়টি শিক্ষকদের জানালে তাঁরা দুটি প্রশ্ন মিলিয়ে দেখেন, নতুন ব্যাচের প্রশ্নই হুবহু পুরাতন ব্যাচের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। কেবল বিষয়ের নাম ও কোড সঠিক রাখা হয়েছে।
অন্যদিকে নতুন ব্যাচের প্রশ্নের মানবণ্টন নিয়ে বিভ্রান্তিতে পড়ে শিক্ষার্থীরা। তিন ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বর উত্তর দেওয়ার জন্য প্রশ্নপত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগের রচনামূলক প্রশ্নের মান বণ্টনের জায়গায় লেখা হয়েছে ১০ গুণন ৬ সমান ১৬। এখানে ১৬ এর জায়গায় ৬০ হওয়ার কথা ছিল বলে জানান শিক্ষকেরা।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, কয়েকজন ছাত্র তাঁর কাছে এ বিষয়ে অভিযোগ করেছে। তিনি কাল (সোমবার) এ নিয়ে বোর্ডে বসবেন। পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখা হবে বলে জানান তিনি।