রাজশাহী বোর্ডে মেয়েরা এগিয়ে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। গত বছর ছাত্রীরা জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রদের চেয়ে এগিয়ে থাকলেও পাসের হারে তারা একটু পিছিয়ে ছিল।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৫ দশমিক ৩২ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪১ এবং ছাত্রদের ৯৫ দশমিক ২২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৬০৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১২ হাজার ১২২ ও ছাত্র ১১ হাজার ৪৮৪ জন।
এবার বোর্ডের ২ হাজার ৮৯১টি বিদ্যালয় থেকে মোট ২ লাখ ৫১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে ১ লাখ ৯১ হাজার ১৩০ শিক্ষার্থী। তা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ৪৫১টি। এবার ১ হাজার ৯৩টি বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবার এর সংখ্যা ছিল ৭৪৯টি। এবারও কেউ পাস করেনি এমন বিদ্যালয় রয়েছে পাঁচটি। গতবারও তাই ছিল।
রাজশাহী নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় সবচেয়ে ভালো করেছে। ছাত্রীদের ভালো ফলাফলের ব্যাপারে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা জানান, ছাত্রীরা বাইরে যায় কম। বেশিক্ষণ বাসায় থাকে। ছাত্রদের তুলনায় ওরা মা-বাবার কথা মেনে চলে বেশি। শ্রেণিকক্ষেও ওদের উপস্থিতি ভালো থাকে। তিনি মনে করেন, এ জন্যই ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করছে।
স্কুলশিক্ষিকা দুলারী খাতুনের মেয়ে এবার রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। মেয়ের ভালো ফলাফলের ব্যাপারে অভিভাবক হিসেবে তিনি জানান, তাঁরা নিয়মিত বিদ্যালয়ে মেয়ের উপস্থিতি নিশ্চিত করেছেন। মেয়েকে কোনো কোচিং করাননি। পাঠ্যবই ভালো করে পড়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন। তিনি মনে করেন, এসব কারণে ভালো ফলাফল হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ মিয়া জানান, শিক্ষার্থীরা এখন পড়ার টেবিলে বসে গেছে। ভালো ফলাফলে কৃতিত্ব সব তাদের। তারা একটা পদ্ধতির মধ্যে ঢুকে গেছে। এই পদ্ধতিতে ‘আন্ডার মার্কিং বা ওভার মার্কিং’ করার সুযোগ নেই। মেয়েদের ভালো করার ব্যাপারে তিনি বলেন, ছেলেরা বাইরে আডডা দেয়। মেয়েরা তা করে না। ওরা বেশি পড়ে।