রাজশাহী বোর্ডে ১৯ প্রতিবন্ধীর ১৭ জনই পাস করেছেন
রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর ১৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের ১৭ জনই পাস করেছেন। যেখানে সাধারণ শিক্ষার্থীদের পাসের হার ৭৫ দশমিক ৪০, সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাসের হার ৮৯ দশমিক ৪৭। তাঁদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে ১১ জন ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের মধ্যে নয়জন পাস করেছেন। দুজন হয়েছেন অকৃতকার্য। সিরাজগঞ্জের উল্লাপাড়ার গাজাইল কলেজের পরীক্ষার্থী আলফাজ উদ্দিন জিপিএ-৪ দশমিক ১৭, পাবনার গভ. শহীদ বুলবুল কলেজের মাসুদুর রহমান জিপিএ-৪ দশমিক ৪২, পাবনা কলেজের খোরশেদ আলম জিপিএ-৪ দশমিক ৩৩, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সুমাইয়া আক্তার জিপিএ-৪ দশমিক ৬৭ ও একই কলেজের বিউটি মণ্ডল জিপিএ-৪ দশমিক ৫০ পেয়েছেন।
এ ছাড়া আটজন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে একজন জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি হলেন সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজের শিক্ষার্থী মোল্লা আবু শামীম।