রাজশাহী বোর্ডের সেরা বগুড়া বালিকা বিদ্যালয়
ফলাফল জানার জন্য সবাই উদ্গ্রীব। বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু সকাল থেকেই অন্যান্য বিদ্যালয়ের মতো বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও পরীক্ষার্থীরা হাজির। অনেকের সঙ্গে অভিভাবকও। একপর্যায়ে ফলাফল ঘোষণা করা হলে শিক্ষক-শিক্ষার্থীরা যখন জানতে পারে রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম হয়েছে তখন আনন্দে তারা আত্মহারা হয়ে ওঠে। পরে এই আনন্দ ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের বাইরেও। বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন এবার জিপিএ-৫ পেয়েছে। গতকাল অনুভূতি জানাতে গিয়ে আনন্দে সে কেঁদে ফেলে। সে বলে, শুধু আমি ভালো ফল করেছি তা-ই নয়, আমাদের স্কুল বোর্ডে সেরা হয়েছে। এটা আমাদের গর্ব। তার সহপাঠী নূরুননাহারও এবার একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। নূরুননাহার জানায়, আজকের এই ভালো লাগা প্রকাশ করার মতো নয়। রাজশাহী শিক্ষা বোর্ডের ২০টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বগুড়া জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এর মধ্যে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পঞ্চম, বগুড়া জিলা স্কুল ষষ্ঠ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ অষ্টম, এসওএস হারম্যান মেইনার স্কুল ১৫তম, বিয়াম মডেল স্কুল ও কলেজ ১৬তম ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল ও কলেজ ২০তম স্থান অধিকার করেছে। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর ২৩০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। বিজ্ঞান বিভাগে ১৬৪ জনের মধ্যে ১৬২ জন জিপিএ-৫ পেয়েছে। বাণিজ্য বিভাগে ৬৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এই ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি মডেল পরীক্ষা ও বিশেষ কোচিং করানো হয়েছে। বোর্ডে পঞ্চম স্থান অধিকারী বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ২২০ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন। বগুড়া জিলা স্কুলের ২১২ জন জিপিএ-৫ পেয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। এসওএস হারম্যান মেইনার স্কুলের ৪০ জন জিপিএ-৫ পেয়েছে। বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ১২১ জন এবং পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল ও কলেজের ৮৮ জন জিপিএ-৫ পেয়েছে।