রাজশাহী-ভবানীগঞ্জ সড়কে তিন দিন ধরে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসশ্রমিকদের সঙ্গে হিউম্যান হলারের শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বিরোধের জের ধরে রাজশাহী-ভবানীগঞ্জ সড়কপথে গত তিন দিন যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দুই যুগ ধরে রাজশাহী থেকে বাগমারার ভবানীগঞ্জ পর্যন্ত সড়কপথে বাস চলাচল করছে। পাঁচ বছর ধরে এই পথে যোগাযোগের নতুন বাহন হিসেবে মিশুক, সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যান হলার যোগ হয়েছে। গত এপ্রিল মাসের শেষের দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে পরিবহনশ্রমিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে দিনের বেলায় আন্ত-উপজেলা সড়কগুলোয় সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যান হলার চলাচল করবে না বলে সিদ্ধান্ত হয়। তার পর থেকে এই পথে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকে। ২ মে স্থানীয় সাংসদ এনামুল হকের সঙ্গে সাক্ষাৎ করে বাগমারার সাধারণ মানুষ, সিএনজিচালিত অটোরিকশাচালক ও মালিকেরা যান চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান। সাংসদ যান চলাচল পুনরায় শুরু করার অনুমতি দেন। এ নির্দেশ পাওয়ার পর ওই সড়কপথে আবার সিএনজিচালিত অটোরিকশা, মিশুক ও হিউম্যান হলার চলাচল শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গত শুক্রবার থেকে এই পথে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর পর্যায়ক্রমে হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। ওই দুই ধরনের যানের শ্রমিক ও চালকেরা অভিযোগ করেন, বাসশ্রমিকেরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের যান চলাচল বন্ধ করে দিয়েছেন।অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবুল কালাম বলেন, সিদ্ধান্ত অনুযায়ী এই পথে সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যান হলার চলাচল করতে পারবে না। তাই প্রশাসন তাঁদের চলতে দিচ্ছে না।এ ব্যাপারে সাংসদ এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, বাগমারার লোকজন এই পথে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের পক্ষে। এই বাহনে লোকজন সহজে ও কম সময়ে জেলা শহরে যেতে পারে। তা ছাড়া গরিব চালকদের কথা মাথায় রেখে সাংসদ তাঁদের যান চলাচলের অনুমতি দেন।এদিকে রাজশাহী-ভবানীগঞ্জ সড়কে বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের ভ্যানসহ বিভিন্ন অযান্ত্রিক যানে দীর্ঘ সময় ধরে বহু পথ পাড়ি দিতে হচ্ছে।জনদুর্ভোগের কথা স্বীকার করে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।