রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন আজ, কমিটি ঘোষণা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের চার মাস পার হয়ে গেলেও ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি। অন্যদিকে, ১৫ দিন আগে সম্মেলন হলেও রাজশাহী মেডিকেল কলেজের কোনো কমিটিই ঘোষণা করা হয়নি। এরই মধ্যে আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে। তবে এ সম্মেলনে কমিটি ঘোষিত হবে কি না, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে সংশয়। অনেকে আশা করছেন, এ সম্মেলনে অন্তত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষিত হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া নগরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রলীগের নির্বাচিত কমিটি নেই। গত ২৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন ছয় সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ওপর মহলের চাপে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। গত ১৫ মে ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সম্মেলনে মে মাসের মধ্যেই কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এখনো সে কমিটি হয়নি। এ অবস্থায় আজ মহানগর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, সম্মেলনে নতুন কমিটির ঘোষণা আসবে বলে তাঁরা আশা করছেন না। তবে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেডু সরকার বলেছেন, পুরো কমিটি না হলেও অন্তত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সম্মেলনের দিন ঘোষণা করা হতে পারে।