রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন ৫ মার্চ
দীর্ঘ ১২ বছর পর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। আগামী ৫ মার্চ এই সম্মেলন হবে। সম্মেলনকে ঘিরে চাঙাভাব বিরাজ করছে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। এবার প্রায় ৭০০ কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।
সর্বশেষ ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে রমজান আলী সভাপতি ও মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এদিকে নির্বাচনের তারিখ ঠিক হলেও এখনো থানা কমিটিগুলো করা হয়নি। মহানগরের সম্মেলনের পরই থানা কমিটি করা হবে।
সম্মেলনের ভেন্যু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। নেতাদের পছন্দ ছিল শিরোইল স্কুলমাঠ। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে সেখানে হয়তো সম্মেলন করা যাবে না। এ অবস্থায় নগরের আলুপট্টি মোড় ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় অর্ধডজন তরুণ নেতা নগর আওয়ামী লীগের নেতাদের সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন। এবারও প্রার্থী হচ্ছেন বর্তমান সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
রমজান আলী বলেন, এবার প্রতিটি ওয়ার্ড থেকে ১০ জন করে এবং মহানগর কমিটি নিয়ে মোট ৬৩২ জন কাউন্সিলর রয়েছেন। থানা কমিটি না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়ে যাচ্ছেন। সে জন্য তাঁরা আরও কিছু নেতাকে ‘কো-অপ্ট’ করে একটি তালিকা কেন্দ্রে পাঠিয়েছেন।