অবরোধের কবলে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল গ্যাস (অক্সিজেন ও নাইট্রাস অক্সাইড) ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেটরের বাতাসের সরবরাহ শেষ হয়ে গেছে। অপরদিকে ঠিকাদারের মামলার কারণে চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম (মেডিকেল অ্যান্ড সার্জিকেল রিকয়ারমেন্ট— এমএসআর) সরবরাহ ১০ দিন ধরে বন্ধ রয়েছে।
হাসপাতাল থেকে জানা গেছে, অস্ত্রোপচার করার সময় রোগীকে অবেদন করার পর মেডিকেল গ্যাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়। আবার আইসিইউর ভেন্টিলেটরে এই গ্যাস ও বাতাস সরবরাহ করতে হয়। ব্রিটিশ লিন্ডা কোম্পানি এগুলো সারা দেশে সরবরাহ করে থাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও পাঁচ দিন পর পর পাঁচ হাজার লিটার করে এই গ্যাস কোম্পানির গাড়িতে করে সরবরাহ করা হয়। অবরোধের কারণে পাঁচ দিন ধরে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। এই অবস্থায় বুধবার থেকেই আইসিইউতে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। কার্ডিওলজি বিভাগের আউটলেটে গতকাল বৃহস্পতিবার এই গ্যাসের সরবরাহ শেষ হয়ে যায়।
এদিকে গজ, তুলা, ইসিজি পেপার, স্যালাইন, এক্স-রে ফিল্মসহ ১৮ পদের এমএসআর সামগ্রী কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। সে অনুযায়ী নয়টি প্রতিষ্ঠানকে মালামাল সরবরাহের জন্য কার্যাদেশ দেওয়ার প্রস্তুতি চলে। এরই মধ্যে ফাহিম মেডিকেল হল নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করে। ২৫ নভেম্বর মনোনীত সরবরাহকারীদের নামে কার্যাদেশ দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই আদালত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়।
এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ স্পট কোটেশনের মাধ্যমে ন্যূনতম দুই লাখ টাকা করে এমএসআরের ১৮টি সামগ্রী কেনার জন্য আবারও দরপত্র আহ্বান করে। ২৭টি সরবরাহকারী প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ওপরও ২ ডিসেম্বর রাজশাহী সহকারী জজ আদালত স্থগিতাদেশ জারি করেন। সেই সঙ্গে কেন হাসপাতালের পরিচালককে দেওয়ানি হাজতখানায় বন্দী করে বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে না এবং মালামাল ক্রোক করা হবে না—এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
হাসপাতালের শল্য বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, এমএসআর সামগ্রী না থাকার কারণে তাঁরা অস্ত্রোপচার করতে পারছেন না। তিনি আরও বলেন, ‘বুধবার সাধারণ অস্ত্রোপচার কক্ষে গজ না থাকার কারণে গাইনি বিভাগ থেকে তা আনা হয়েছে। আজ সেখানেও এমএসআর সামগ্রী নেই।’
গতকাল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। মেডিকেল গ্যাসের ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান জানান, হরতাল-অবরোধ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। তার পরও তাঁরা শুনছেন না। গাড়ি ভাঙার ভয় করছেন।
এমএসআরের ব্যাপারে তিনি বলেন, সরকারের অর্থ সাশ্রয়ের জন্য তিনি ওপেন টেন্ডার পদ্ধতিতে দরপত্র আহ্বান করেছেন। এই পদ্ধতিতে সর্বনিম্ন দরদাতাকেই মালামাল সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে। এবার অভিযোগকারী প্রতিষ্ঠানটিও দুই দফা সরবরাহের কাজ পেয়েছে। তারপরও তারা আদালতের আশ্রয় নিয়ে অযথা হাসপাতালে অচলাবস্থা সৃষ্টি করেছে।