রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওষুধ চুরির অভিযোগে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজের চারু মামার ক্যানটিন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাসপাতাল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা ফিরে এসে প্যাথলজি ফটকের সামনে পথসভা করেন। এ সময় বক্তব্য দেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানিকুর রহমান, সুমন প্রামাণিক, পার্থ শেখর রায় প্রমুখ। বক্তারা ওষুধ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাঁরা বলেন, ‘এই পরিচালক হাসপাতাল প্রশাসনকে কুক্ষিগত করে রেখেছেন। তাঁরা সিন্ডিকেট করে হাসপাতালের কাজ ভাগাভাগি করে নেন। কিছু বলতে গেলেই শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ না দেওয়ার হুমকি দেন। বিকেল পাঁচটার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে এলাকাবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিল থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান এবং সহকারী পরিচালক মহিবুল হাসানের বিরুদ্ধে স্ল্লোগান দেওয়া হয়।ওষুধ চুরির অভিযোগ পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী হাসপাতাল ঘুরে পরিচালকের কাছে ওষুধ চুরির কাহিনি তুলে ধরেন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। পরে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী জানান, আগামীকাল ২ মার্চ তাঁরা প্রতিবেদন দাখিল করবেন।