রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার বিকেলে কলেজের কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মোহাম্মদ নাসিম প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিলেন। এর নাম হবে এ এইচ এম কামরুজ্জামান মেডিকেল বিশ্ববিদ্যালয়। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে সভায় মোহাম্মদ নাসিম বলেন, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সংসদে আইন পাস করতে হবে। এ জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে (বিএমএ) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যে সংসদে এটা (এ-সংক্রান্ত বিল) উত্থাপন করা হবে।
সভায় রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, বিএমএর সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের ধর্মঘট না করার আহ্বান: এর আগে গতকাল দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল পরিচালনা কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম চিকিৎসকদের কারণে-অকারণে ধর্মঘট না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা কথায় কথায় ধর্মঘট করবেন না। ধর্মঘটের কারণে একজন রোগী মারা গেলে তার দায় নেবে কে?’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই হাসপাতালকে অবহেলিত দেখে খারাপ লাগছে। গত পাঁচ বছরে শুধু একটি ভবন হয়েছে। হাসপাতালের সমস্যা সমাধানে যত টাকা লাগে বরাদ্দ দেওয়া হবে। আর যে যন্ত্রগুলো কেন্দ্রীয় ভান্ডারে রয়েছে সেগুলো এক ঘণ্টার মধ্য দিয়ে দিতে সচিবকে নির্দেশ দেবেন তিনি। এ হাসপাতালে বার্ন ইউনিট নেই। সেটাও হয়ে যাবে।
মোহাম্মদ নাসিম বলেন, হাসপাতালটিকে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে তবে শর্ত, কোনো অনিয়ম-দুর্নীতি করা যাবে না। অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি করলে অ্যাকশন নেওয়া হবে। তখন যেন কেউ তদবির না করেন। বিএমএর হন বা স্বাচিপের নেতা হন, কেউ তদবির করতে যাবেন না। তদবির করলে সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা যাবে না। যে কাজের লোক, তাঁকে নিতে হবে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সামনের দোকানপাট থাকবে না। সব গুঁড়িয়ে দিতে হবে।