রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত উচ্চপর্যায়ের একটি দল গতকাল শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখেছে। পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন আর রশিদ।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হান্নান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক রাকিবুল হাসান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক তারিফ উদ্দিন আহাম্মেদ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোসাদ্দেক হোসেন।
তদন্ত কমিটির সদস্যরা গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। বেলা প্রায় ১১টা পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা। পরে নতুন ভবনের যে জায়গায় টাইলস উঠে বাঁশ বেরিয়ে পড়েছিল, সেখানে যান। কিন্তু সেই বাঁশ আগেই সরানো হয়েছে। বসানো হয়েছে স্টিলের পাত। যে লিফটের সামনে বাঁশ বেরিয়েছিল, সেটাও তুলে ফেলা হয়েছে। এতে কমিটির সদস্যরা বাঁশের অবস্থান সম্পর্কে প্রকৃত ধারণা পাচ্ছিলেন না।
এ সময় সদস্যরা এই প্রতিবেদকের মুঠোফোনে ধারণকৃত বাঁশের ছবি দেখে বাঁশের অবস্থান নির্ণয় করেন। প্রায় এক ঘণ্টা তাঁরা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে ছিলেন এ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মনোয়ারুল ইসলাম, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমান উল্লাহ, নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলামসহ দায়িত্বশীল কর্মকর্তারা। তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেছে কি না, জানতে চাইলে কমিটির প্রধান সাংবাদিকদের বলেন, তাঁরা দেখে গেলেন। পরে প্রতিবেদন দেবেন।
১ নভেম্বর ‘হাসপাতালের ভবন নির্মাণে বাঁশের বাতা’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে স্থানীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠন করা হয় উচ্চপর্যায়ের এ কমিটি। ঘটনাটি তদন্তে দুর্নীতি দমন কমিশনও (দুদক) মাঠে নেমেছে।