
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার চিকিৎসকের অবহেলায় শহীদুল ইসলাম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, সময়মতো অক্সিজেন দিতে না পারায় শহীদুলের মৃত্যু হয়। এ ঘটনার পরে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের হাতাহাতি হয়।
এদিকে একই হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।
শহীদুলের ছেলে নাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় তাঁর বাবার শ্বাসকষ্ট হচ্ছিল। তাঁকে দ্রুত অক্সিজেন দেওয়ার অনুরোধ জানালে কর্তব্যরত চিকিৎসক বলেন, তাঁদের অক্সিজেনের সরবরাহ বন্ধ রয়েছে। এরপর শহীদুলকে ২৬ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে সেবিকা বলেন, তাঁকে শিগগির অক্সিজেন দিতে হবে। এ জন্য চিকিৎসকদের ডাকতে বলেন। কিন্তু রোগীর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসকদের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। তাঁরা অনেক ডাকাডাকি করা সত্ত্বেও চিকিৎসকেরা দরজা খোলেননি।
নাহিদুল বলেন, এসব করতে প্রায় আধা ঘণ্ট চলে যায়। ফিরে এসে দেখেন তাঁর বাবা আর নেই।
এ ঘটনায় হাসপাতালের পরিচালকের মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এদিকে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্ট এলাকা থেকে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা ঘোষণা করে। মিছিলটি সোনাদীঘির মোড় হয়ে আবার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম, সাংবাদিক বুলবুল চৌধুরী, মামুনুর রশিদ, আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের চিহ্নিত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তাঁরা হামলার সময় দাঁড়িয়ে ‘নীরব দর্শকের’ ভূমিকা পালন করার অভিযোগে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জিয়াউর রহমানের অপসারণ দাবি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় ওই রোগীর এক স্বজনের হাতে শিক্ষানবিশ এক চিকিৎসক লাঞ্ছিত হন। এর বিচার না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা ওই রোগীকে চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেন।
রোগীর স্বজনেরা অভিযোগ করেন, এরপর তাঁরা চিকিৎসকের কাছে ক্ষমা চেয়ে রোগীকে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান। এর পরও চিকিৎসকেরা চিকিৎসা করতে রাজি হননি। এ নিয়ে কথা বলতে গেলে রোগীর ভাইকে চিকিৎসকেরা বেদম মারধর করেন। এ খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করলে চিকিৎসকেরা তাঁদের মারধর করেন। এ সময় ১০ জন সাংবাদিক আহত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার ঘটনা তদন্তে হাসপাতাল পরিচালনা কমিটি গতকাল একটি কমিটি গঠন করেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনকে প্রধান করে সাত সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে জানান, প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।