রাজশাহী মেডিকেলে অস্ত্রসহ দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন রাশেদ হোসেন (২৫) ও রুবেল হোসেন ওরফে রাজু (২৮)।

রাশেদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে। তাঁর বাবার নাম মনিরুল ইসলাম। রুবেল হোসেনের বাড়িও একই গ্রামে। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর বাবার নাম ইসহাক আলী।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, সন্দেহজনক চলাফেরায় তাঁদের দেহ তল্লাশি করা হয়। এ সময় রুবেল হোসেনের কাছে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি পাওয়া যায়। তাঁর সঙ্গে থাকার কারণে রাশেদকেও আটক করা হয়। আটকের পর রাশেদ নিজেকে শিবগঞ্জ ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। কিন্তু ছাত্রলীগের কোনো নেতার নাম তিনি বলতে পারেননি। তবে শিবগঞ্জের দৌলতপুর এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত। জামায়াত-শিবির অথবা অস্ত্র ব্যবসায়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।