রাজশাহী মেডিকেলে অস্ত্রসহ দুই যুবক আটক
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটক যুবকেরা হলেন রাশেদ হোসেন (২৫) ও রুবেল হোসেন ওরফে রাজু (২৮)।
রাশেদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে। একই গ্রামে রুবেলের বাড়ি।
রাজশাহী মহানগর ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সন্দেহজনক চলাফেরা করার সময় রাশেদ ও রুবেলকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় রুবেলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচটি গুলি পাওয়া যায়। তাঁর সঙ্গে থাকায় রাশেদকেও আটক করা হয়। আটকের পর রাশেদ নিজেকে শিবগঞ্জ ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। কিন্তু ছাত্রলীগের কোনো নেতার নাম তিনি বলতে পারেননি।