রাজশাহী মেডিকেলে ইউপি চেয়ারম্যানের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের ভাঙচুর
চিকিৎসায় অবহেলার কারণে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেশারতুল্লাহ সরদারের (৪৮) মৃত্যু হয়েছে—এই অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগে গতকাল বৃহস্পতিবার ভাঙচুর করে রোগীর স্বজনেরা। বেশারতুল্লাহ সরদার শ্রীপুর রামনগর মাদ্রাসার শিক্ষক।এ ঘটনায় মৃত বেশারতুল্লাহর ছেলে মিজানুর রহমান ও ভাতিজা হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। পরে মিজানুরকে ছেড়ে দেওয়া হলেও রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হাবিবুরকে আটক রাখা হয়েছে। বেশারতুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বেশারতুল্লাহ সরদার হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে হূদরোগ বিভাগে ভর্তি হন। রোববার তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। গতকাল দুপুর দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে তাঁর আত্মীয়স্বজন, ছেলে মিজানুর রহমান, তাঁর সহপাঠী ও রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাঁর প্রাক্তন ছাত্ররা হাসপাতালে ছুটে আসেন। এ সময় ওই ওয়ার্ডে কোনো চিকিৎসককে না পেয়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা চিকিৎসকদের অবহেলায় চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ তুলে ওয়ার্ডে হামলা করেন এবং সেখানে চিকিৎসাসংক্রান্ত যন্ত্রপাতি ভাঙচুর করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মিজানুর ও হাবিবুরকে আটক করা হয়।২৬ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তারেক ছামসের বরাত দিয়ে রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, রোববার বেশারতুল্লাহর একটি অস্ত্রোপচার হয়েছিল। গতকাল দুপুরে তাঁকে আবার অস্ত্রোপচারকক্ষে নেওয়া হলে তাঁর অবস্থার অবনতি হয়। পরে ওয়ার্ডে ফিরিয়ে আনা হলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর স্বজনেরা উত্তেজিত হয়ে একটি যন্ত্র ভাঙচুর করেন। বাগমারার রামনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, চেয়ারম্যান তাঁর বিদ্যালয়ের সভাপতি ছিলেন। অস্ত্রোপচারের আগে তিনি এসে তাঁর সঙ্গে কথা বলে গেছেন। হাসপাতালে নিয়ে আসার পর তিনি ভালোই ছিলেন। কিন্তু চিকিৎসকেরা বলছিলেন, অস্ত্রোপচার না করলে তিনি ভালো হবেন না। তাই রিং কেনার জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে বাবার মৃত্যুর পরে তাঁর ছেলে মিজানুর রহমান চিৎকার করে বলছিলেন, চিকিৎসকের অবহেলার কারণেই তাঁর বাবার মৃত্যু হয়েছে।এ ব্যাপারে কথা বলার জন্য ওয়ার্ডে কর্তব্যরত কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল লতিফ বলেন, তাঁরা হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি যন্ত্র ভাঙচুর করেছেন। এখন যদি তাঁরা ওই যন্ত্রটি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলেই আটকদের ছেড়ে দেওয়া যেতে পারে। তা ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যানের লাশ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।