রাজশাহী মেডিকেলে চিকিৎসায় অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাসহ বিভিন্ন অভিযোগ এনে মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গত শুক্রবার বিকেল চারটার দিকে রাজশাহী কলেজ চত্বর থেকে তারা মিছিল করে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। পরিষদের আহ্বায়ক মো. জামাত খান এ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ব্যক্তিগত ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকেন। বক্তারা সম্প্রতি এই হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর চিকিৎসা না পেয়ে মৃত্যু এবং প্রতিবাদ করায় তাঁর স্বজনকে মারধর করে উল্টো মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা অভিযোগ করেন, জরুরি ওয়ার্ডগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসদের পাওয়া যায় না। শিক্ষানবিশ চিকিৎসক ও নার্সদের কাছে সহায়তা চাইতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা চিকিৎসায় অবহেলার অভিযোগে অবিলম্বে নিউরো সার্জারি বিভাগের প্রধান একরামুল্লাহ ও রোগীর স্বজনকে মারধর করার অভিযোগে শাহ আলম লালনের অপসারণ দাবি করেন। বক্তারা আরও অভিযোগ করেন, শিক্ষানবিশ চিকিৎসক, নার্স ও কর্মচারীরা বিভিন্ন ক্লিনিক এবং রোগনির্ণয় কেন্দ্রের কমিশনভোগী প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাঁরা হাসপাতালের রোগী ভাগিয়ে নির্ধারিত ক্লিনিক বা রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যান। হাসপাতাল থেকে রোগীদের ওষুধ, স্যালাইন ইত্যাদি সরবরাহ করা হয় না বললেই চলে। কতিপয় চিকিৎসক ও কর্মচারী ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে দেন। এ বিষয়ে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমাবেশে সংগ্রাম পরিষদের উপদেষ্টা মো. লিয়াকত আলী, পরিষদের নেতা মোশাররফ হোসেন, ফজলুল হক, রাজশাহী চেম্বারের পরিচালক হারুন-অর রশিদ, এম শরীফ, এন্তাজুল হক, দেবাশীষ প্রামাণিক, মঞ্জুর হাসান মিঠু, এম এ মাজেদ প্রমুখ।