রাজশাহী মেডিকেলে ডেঙ্গু শনাক্তকরণ উপকরণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। কিন্তু আজ শনিবার পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার ‘স্ট্রিপের’ কোনো সরবরাহ নেই। এ–সংক্রান্ত সব ধরনের পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। অথচ এই স্ট্রিপ রোগীদের হাসপাতাল থেকে বিনা মূল্যে পাওয়ার কথা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার এই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৭ ছিল জন। আরও ১১ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ১৫ জুলাই থেকে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হওয়া শুরু হয়। অথচ আজ পর্যন্ত এই জ্বর পরীক্ষার জন্য প্রয়োজনীয় স্ট্রিপ সরবরাহ নেই। সেই সঙ্গে রক্তের নানা ধরনের পরীক্ষার জন্যও বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে পাঠানো হচ্ছে।

এদিকে রামেক থেকে রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও নামমাত্র নাপা ট্যাবলেট ছাড়া আর কোনো কিছু পাচ্ছেন না বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।

হাসপাতালে ভর্তি আছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা আমজাদ হোসেন। তাঁর ছেলে আহসান হাবিব জানান, ২৪ জুলাই তাঁর বাবাকে এই হাসপাতালে ভর্তি করিয়েছেন। এই তিন দিনে তাঁদের বাইরে থেকে ৩ হাজার টাকার পরীক্ষা করাতে হয়েছে। তিনি বলেন, তাঁদের লিখে দেওয়া হয় যে সকালের আগেই এই পরীক্ষার প্রতিবেদন দিতে হবে। কিন্তু হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা না থাকায় বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে লোক এসে রক্তের নমুনা নিয়ে যাচ্ছেন।

রাজশাহীর বাঘা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর স্বজন নাফরিন আরেফিন জানান, গত বৃহস্পতিবার তাঁর বোনকে হাসপাতালের ডেঙ্গু কেবিনে ভর্তি করেছেন। ওই দিনই তাঁর ডেঙ্গু শনাক্তকরণ ‘টেস্ট’ করতে বলা হয়। বাইরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে তাদের ৩ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, তাঁরা শুনেছেন ডেঙ্গু জ্বরের চিকিৎসার সব খরচ সরকার থেকে বহন করা হবে। এখানে এসে ভিন্ন চিত্র দেখছেন। এমনকি মাঝেমধ্যে স্যালাইনও বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগীকে রেখে বারবার বাইরে যাওয়া–আসা করে তাঁর অনেক ভোগান্তি হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত বছরও এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয় মাত্র তিনজন। এ কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর পরীক্ষার স্ট্রিপের প্রয়োজন পড়েনি। এখন হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এর দরকার পড়ছে। আগামী দুই-এক দিনের মধ্যেই এই ‘স্ট্রিপ’ আসতে পারে বলে তাঁরা আশা করছেন। এ বিষয়টি আজকে সভায় তুলেছেন। দেখা যাক কী হয়। তবে তিনি বলেন, সিবিসি ও প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা হাসপাতালে আছে। এগুলো ভেতরেই হওয়ার কথা। বিষয়টি তিনি দেখবেন।
তিনি বলেন, এই রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে এমন কোনো সিদ্ধান্ত নেই। এমনি সরকারি হাসপাতালে যে ব্যবস্থা আছে, তা দেওয়া হচ্ছে।

বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়টি জানতে চাইলে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর একটি পরীক্ষা ছাড়া বাকি সব পরীক্ষাই ভেতরে করা হচ্ছে। তাঁর কাছে এমন খবর রয়েছে। আর আগামীকাল রোববার থেকে কোনো রোগীর পরীক্ষার বাবদ একটি পয়সাও লাগবে না।