রাজশাহী মেডিকেলে সংবাদ সংগ্রহের পরিবেশ সৃষ্টির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার-সংবলিত পোস্টার অপসারণ ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের পরিবেশ সৃষ্টির দাবিতে রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শ ম সাজু ও সদস্যসচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এ স্মারকলিপি দেওয়া হয়েছে।


স্মারকলিপিতে বলা হয়েছে, ‘গত ২০ এপ্রিল হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিত্সকদের হামলার পর তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সব মহলের দাবি উপেক্ষা করে তাঁদের সনদপত্র দিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও ঘটনার পর থেকেই আপনার হাসপাতালজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে কুত্সা রটিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। মিডিয়ার মালিক ওষুধ কোম্পানির ওষুধ বর্জনের আহ্বান জানানো লিফলেটও ছড়ানো হয়েছে। সাংবাদিকদের তিরস্কার করে রোগীর তথ্য বোর্ডে বিদ্রূপাত্মক বাক্য লিখে রাখা হয়েছে। হাসপাতালে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের কোনো পরিবেশ নেই।’

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ৬ মে হাসপাতালে চিকিত্সাধীন ফটোসাংবাদিক গুলবার আলী জুয়েলকে চিকিত্সা দিতে অপরাগতা প্রকাশ করে হাসপাতাল থেকে চলে যেতে বলেন শিক্ষানবিশ চিকিত্সকেরা। বাধ্য হয়ে নিরাপত্তাহীন জুয়েলকে চিকিত্সা না নিয়ে হাসপাতাল ত্যাগ করতে হয়েছে। ফলে চিকিত্সা পাওয়ার মৌলিক অধিকার থেকে একজন সাংবাদিককে বঞ্চিত করা হয়েছে।

গত ২০ এপ্রিল এবং ৬ মের ঘটনার পর থেকে হাসপাতালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের মতো নির্বিঘ্ন পরিবেশ নেই। এমনকি সাংবাদিকদের চিকিত্সাসেবা নেওয়ার মতো পরিবেশও সেখানে নেই।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হাসপাতালের পরিচালকের কাছে দাবি করা হয়, এই তত্পরতা কোনো সুস্থ পরিবেশের ইঙ্গিত বহন করে না। এ অবস্থা মেনে নেওয়ার নয়। নীতিগত ও আইনগতভাবে শিক্ষানবিশ চিকিত্সকেরা এটা করতে পারেন না। তাঁরা আইনের ঊর্ধ্বেও নন। হাসপাতালের পরিচালক হিসেবে হাসপাতালে সাংবাদিকসহ সব শ্রেণী-পেশার মানুষের প্রবেশে এবং চিকিত্সাসেবা নিতে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হাসপাতালের পরিচালকের দায়িত্ব। একই সঙ্গে হাসপাতালজুড়ে সাঁটানো সাংবাদিকদের বিরুদ্ধে শিক্ষানবিশ চিকিত্সকদের কুত্সা রটানো পোস্টার ও লিফলেট অবিলম্বে অপসারণেরও দাবি জানানো হয়।