রাজশাহী মেডিকেলে সাংবাদিক-চিকিৎসক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনার পর সৃষ্ট সংকট নিরসনে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী সদর আসনের সাংসদ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশার আহ্বানে অনুষ্ঠিত সভায় সাংবাদিক ও চিকিৎসক প্রতিনিধিরা অংশ নেন। সভায় সংকট সমাধানের উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সভায় সাংবাদিক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। সাংবাদিকদের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে গণমাধ্যমকর্মীদের অবাধ প্রবেশে বাধা না দেওয়া ও তথ্য সরবরাহ করে সহযোগিতার দাবি জানানো হয়। চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের পর গণমাধ্যমে প্রকাশ করার আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের ভেতরে আর কোনো পোস্টার সাঁটাবেন না। পুরোনো পোস্টার হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলবেন।
রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শ ম সাজু বলেন, দুই পক্ষ বেশ কিছু বিষয়ে একমত পোষণ করলেও কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে। এ কারণে বিষয়টি সমাধানের জন্য পাঁচ সদস্যের কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল পরিচালকের নেতৃত্বে ওই কমিটিতে সাংবাদিক ও শিক্ষানবিশ চিকিৎসকদের দুজন করে প্রতিনিধি থাকবেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, সাংবাদিক কল্যাণ তহবিলের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তবিবুর রহমান শেখ, রাজশাহী বিএমএ সভাপতি এস আর তরফদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।