রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন।
করোনা পজিটিভ ৯ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন। অপর ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান ১৪ জন। এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ৩৩৫ জনের মৃত্যু হলো।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫০ জন। হাসপাতাল এখন হাসপাতালে মোট ভর্তি রয়েছে ৪৫৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৮২ জন, সন্দেহভাজন ২৩৪ জন ও নেগেটিভ ৪৩ জন। আগের দিনে হাসপাতালে মোট রোগী ছিল ৪৪২ জন। রোগী বাড়ার কারণে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৪০৫।
আগের দিন দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ১৩৭টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৩ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭৯ শতাংশ। নওগাঁর ৪২টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১৬টি। শনাক্তের হার ৩৮ দশমিক শূন্য ৯ শতাংশ।