রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগদান
তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার ও অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলের পালায় কাজে যোগদান করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন করে আবার কর্মসূচি দেওয়া হবে।
কর্তব্যরত চিকিৎসকের ওপরে মৃত ব্যক্তির স্বজনদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।
আজ সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলামের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবিব, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসামি গ্রেপ্তার ও অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দিয়েছেন।
বৈঠক শেষে হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, পুলিশ আশ্বাস দিয়েছে তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার করতে তারা যথাসাধ্য চেষ্টা করবে। তবে ইন্টার্ন চিকিৎসকেরা সেখানে বলেছেন, সাময়িকভাবে তাঁরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তিন দিনের মধ্যে যদি আসামি গ্রেপ্তার করা না হয়, তাহলে আবার তাঁরা আন্দোলনে যাবেন। পরিচালক বলেন, আজ বেলা আড়াইটার দিকে বিকেলের পালায় ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগদান করেছেন।
জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আল আমিন প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার করতে হবে। হাসপাতালে তাঁদের নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা আবার আন্দোলনে যাবেন।
গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেন খান (৬০) নামের একজন রোগী মারা যান। এরপর রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসক (ইনডোর মেডিকেল অফিসার) সুব্রত কুমার দাস, ইন্টার্ন চিকিৎসক আরিফ ও সেবিকাদের মারধর করেন। প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা আন্দোলনে যান।
এদিকে গতকাল শনিবার বিকেলে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি মামলা করেন। এতে মৃত ব্যক্তি মোশাররফ হোসেনের ছেলে, ভাতিজা ও ভাগনেসহ নয়জনকে আসামি করা হয়েছে। আজ বেলা তিনটা পর্যন্ত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
আরও পড়ুন...