রাজশাহী মেডিকেলের বিরুদ্ধে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সার্জিক্যাল রিকয়ারমেন্টস (এমএসআর) সরবরাহের জন্য চিঠি দিয়েও অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ এই নোটিশ হাতে পেয়েছে।
নগরের লক্ষ্মীপুরের গেটওয়ে ইন্টারন্যাশনালের পক্ষে আইনজীবী মজিজুল হক এই নোটিশ পাঠিয়েছেন। এতে অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ২০১৩-১৪ অর্থবছরের এমএসআর ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে। যথাযথ প্রক্রিয়ায় গেটওয়ে ইন্টারন্যাশনাল ‘সি’ গ্রুপের ২২ প্রকারের সার্জিক্যাল যন্ত্রপাতি সরবরাহের কাজ পায়। গত ১২ নভেম্বর তাদের চুক্তি সম্পাদনের চিঠি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে চুক্তি করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সাত কর্মদিবস পার হয়ে গেলেও হাসপাতাল এই চুক্তি সম্পাদনের কোনো উদ্যোগ নেয়নি।
নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে চুক্তি সম্পাদন ও মালামাল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় তার মক্কেল উপযুক্ত আদালতে মামলা-মোকদ্দমা করতে বাধ্য থাকবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্র মূল্যায়ন শেষে ১১টি প্রতিষ্ঠানকে মালামাল সরবরাহের জন্য অনুমোদন করে। তাদের চুক্তি সম্পাদনের জন্য চিঠিও দেয়। এর মধ্যে চুক্তি সম্পন্ন না করার জন্য হাসাপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির সাত সদস্যসহ মোট ১৯ জনকে বিবাদী করে ফাইম মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠান আদালতে মামলা করে। ২০ নভেম্বর আদালত ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। এই পরিস্থিতিতে হাসপাতালের এমএসআর সামগ্রীর চরম সংকট হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ক্রয় অনুসরণ করতে গেলেও আদালতের আদেশ অমান্য করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এ অবস্থায় প্রায় দেড় মাস ধরে হাসপাতালে এক্স-রে ফিল্ম ছাড়াও ইসিজি পেপার, স্যালাইন, সিরিঞ্জ, গজ, তুলার মতো প্রয়োজনী চিকিৎসাসামগ্রীর সরবরাহ বন্ধ রয়েছে। এতে হতদরিদ্র রোগীরা হাসপাতালে এসেই আরেক বিপদে পড়েছেন।
জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক আ স ম বরকত উল্লাহ বলেন, মালামাল ক্রয়ের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি।