রাজশাহী মেডিকেেল বার্ন ইউনিট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আগুনে পোড়া রোগীদের সেবা দিতে রিকন্সট্রাকটিভ সার্জারি ও বার্ন ইউনিট এবং ক্যাজুয়ালটি ওয়ার্ড চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন এর উদ্বোধন করেন।
রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন জানান, শুরুতে বার্ন ইউনিটকে তিন ভাগে (নারী, পুরুষ ও শিশু) ভাগ করে ২৪ শয্যা নিয়ে চালু করা হচ্ছে। এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হবে।
পরিচালক জানান, অস্ত্রোপচার কক্ষ ও ক্ষতস্থান পরিষ্কার করার (ড্রেসিং) কক্ষ নিয়ে বার্ন ইউনিটটি চালু হয়েছে। প্রয়োজনীয় অন্য ইউনিটগুলো অক্টোবরের মধ্যেই চালু হবে।
উদ্বোধন শেষে ফজলে হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দেশের প্রত্যেক হাসপাতালে বার্ন ইউনিট চালু করতে হবে। রাজশাহীর হাসপাতালে বার্ন ইউনিট চালু করার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণের দিকে কিছুটা এগোনো গেল।’
বার্ন ইউনিটে ভর্তি হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরকানাপারের রবিউল জানান, শ্যালো মেশিনের ইঞ্জিনের গরম পানিতে শরীরের ডান দিকের অংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। রাজশাহীর হাসপাতালে পোড়া রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে শুনে তিনি এখানে এসেছেন।
এর আগে ফজলে হোসেন ক্যাজুয়ালটি ওয়ার্ডেরও উদ্বোধন করেন। নারী ও পুরুষ ওয়ার্ড মিলে ১৬টি শয্যা নিয়ে ক্যাজুয়ালটি ওয়ার্ড চালু হয়েছে।
অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক বি কে দাম বলেন, ২৫ বছর ধরে দাবি জানানোর পর ক্যাজুয়ালটি ওয়ার্ড চালু হলো। এখন দুর্ঘটনা, মারামারি বা অন্য কারণে আহত ব্যক্তিদের এখানে জরুরি সেবা দেওয়া সম্ভব হবে।