রাজশাহী মেস মালিক সমিতির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে ১১ দফা দাবি নিয়ে আন্দোলনের ‘আল্টিমেটাম’ দিয়েছে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি।
সমিতির সদস্যরা বলছেন, ১০ হাজার টাকার ট্যাক্স এবার ৬০ হাজার টাকা করা হয়েছে। তাঁদের দাবি বর্ধিত এই ট্যাক্স প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী শনিবার সভা করে নগরের সব ছাত্র মেস বন্ধ করে দেওয়া হবে। গতকাল শনিবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির নেতারা বলেন, কোনো আলাপ-আলোচনা না করেই রাতারাতি সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করেছে। নগরসেবা দিতে ব্যর্থ হলেও অন্তত ১০ গুণ হারে ট্যাক্স বাড়ানো হয়েছে। এ অবস্থায় মেস বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর মেস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম সিদ্দিকী। লিখিত বক্তব্যে বলা হয়, রাজশাহী নগরে ছাত্রছাত্রীদের জন্য দুই শর বেশি মেস রয়েছে। রাজশাহীর বাইরে থেকে আসা ৭০ শতাংশ শিক্ষার্থী এসব মেসে থেকে পড়াশোনা করেন। তবে মেসগুলোতে মূলত ভর্তি পরীক্ষার মৌসুমে দু-তিন মাস শিক্ষার্থী দিয়ে ভরা থাকে। এ ছাড়া সারা বছর প্রায় অর্ধেক সিট খালি পড়ে থাকে। এ অবস্থায় রাজশাহী সিটি করপোরেশন মেসগুলোকে বাণিজ্যিক ভবনের আওতায় এনে অস্বাভাবিক হারে ট্যাক্স ধার্য করেছে।
সংবাদ সম্মেলনে মেস মালিকেরা অভিযোগ করেন, সিটি করপোরেশন তাঁদের কোনো সেবা দেয় না। ওয়াসার পক্ষ থেকে যে পানি দেওয়া হয়, তা পানযোগ্য নয়।