রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদা দাবির মামলায় নগরের নিজ বাসা থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নগরের কাদিরগঞ্জ এলাকার প্রথম শ্রেণীর ঠিকাদার ও ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে সোমবার দিবাগত রাতে বোয়ালিয়া থানায় এই মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, জামাত খান দীর্ঘদিন ধরে তাঁর (বাদী) কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিলেন। ৩০ ডিসেম্বর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে রাস্তার ওপর তাঁকে পেয়ে গালাগাল করেন ও মেরে ফেলার হুমকি দেন (জামাত খান)। এর প্রতিবাদ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর নামে নোংরা ভাষায় লেখা পোস্টার গত ১ জানুয়ারি নগরের বিভিন্ন স্থানে সেঁটে দেন জামাত খান। ২ জানুয়ারি তিনি নগরের একটি চায়নিজ রেস্তোরাঁর কাছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিন-চারজন লোকসহ জামাত খান তাঁকে রেস্তোরাঁর পেছনে ডাকেন। তিনি সেখানে গেলে আসামি পকেট থেকে অস্ত্র বের করে বলেন, কালকের মধ্যে ৫০ হাজার টাকা চাঁদা না দিলে মেরে ফেলা হবে। এ সময় দুই ব্যবসায়ী এগিয়ে এলে আসামি ও তাঁর লোকজন মোটরসাইকেলযোগে চলে যান। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) সকালে থানার ২০ জন পুলিশ সদস্য গিয়ে নগরের ষষ্ঠীতলার বাসা থেকে জামাত খানকে গ্রেপ্তার করেন। তাঁকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। হাকিম আমিরুল ইসলাম তিন দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে জামাত খানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়ার পর বোয়ালিয়া থানায় জামাত খান প্রথম আলোকে বলেন, ‘রাজশাহীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আমি আন্দোলন করছি।