রাজশাহীতে মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল এক বিবৃতিতে তাঁরা বলেন, মিনহাজ উদ্দিন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির সহসভাপতি ও জেলা লোকমোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য। তাঁর ওপর এ ধরনের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
হামলার ঘটনায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিকসহ জি এম হারুন, চিকিৎসক আবদুল মান্নান, আইনজীবী এন্তাজুল হক, নারীনেত্রী সেলিনা খাতুন যৌথ বিবৃতি দিয়েছেন। এতে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী, ভূমিদস্যুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন যখন সামাজিক আন্দোলনে রাজশাহীর অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তখন তাঁর ওপর এই হামলা অনভিপ্রেত। রাজশাহীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা অবিলম্বে তাঁর ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তাঁরা।
গত সোমবার রাজশাহী নগরের ছোটবনগ্রাম এলাকায় তাঁর ওপর অতর্কিত হামলা চালায় একই এলাকার ভূমিদস্যু, সন্ত্রাসী ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা। এ ঘটনায় ওই দিনই মিনহাজ উদ্দিন নগরের বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।