রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের জনসভা থেকে ১০ দফা বাস্তবায়নের দাবি

আগামী জাতীয় বাজেটে রাজশাহী অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প অন্তর্ভুক্তসহ ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল নগরের গণকপাড়া তুলাপট্টি মোড়ে আয়োজিত জনসভা থেকে এই ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, আইনজীবী সমিতির সভাপতি নাজমুস সাদাত, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজিত সরকার, প্রকৌশলী কবীর হোসেন, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহীতে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সরকারের নানা উদ্যোগ নেওয়ার কথা থাকলেও গত সাত বছরেও সেগুলো আলোর মুখ দেখেনি। রাজশাহীর রেশম কারখানা ও নতুন নতুন কল-কারখানা চালু না হওয়ায় এখানকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জনসভা থেকে বক্তারা আগামী বাজেট অধিবেশনের আগেই রাজশাহী অঞ্চলের অতিপ্রয়োজনীয় প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান।
তাদের ১০ দফা দাবিগুলোর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাজশাহীতে বন্ধ গ্যাস-সংযোগ পুনঃস্থাপন, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন স্থাপন, রাজশাহী থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা, বন্ধ রেশম কারখানাসহ অন্যান্য কারখানা চালু, নদীভাঙন রোধ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং গঙ্গা ব্যারাজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প অবিলম্বে বাস্তবায়ন।
বক্তারা নগরের চালচিত্র উল্লেখ করে বলেন, মাদকের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে যুবসমাজ। ভূমিদস্যুদের কবলে পড়ে প্রতিনিয়ত ভূমির অধিকার হারাচ্ছে মানুষ। হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা মিলছে না। রাজশাহীর বিভিন্ন ভূমি অফিসে দুর্নীতির কারণে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
এ ছাড়া জনসভা থেকে রাজশাহীতে সিএনজি স্টেশন প্রতিষ্ঠা ও পাঁচতারা হোটেল এবং ক্রিকেটের টেস্ট ভেন্যু বাস্তবায়নের দাবি জানানো হয়।