রাজশাহী রায়গঞ্জে সহিংসতা ও লাঠিপেটায় আহত ৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী ও সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতা ও পুলিশের লাঠিপেটায় গত দুই দিনে আওয়ামী লীগের নেতাসহ ৬৬ জন আহত হয়েছেন। রাজশাহীর বাগমারায় প্রচার চালানোর সময় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ‘বিএনপি-সমর্থিত’ ও পরাজিত প্রার্থী নাসির উদ্দিনের লোকেরা ইউনিয়নের রাজাবাড়ি হাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নাসির উদ্দিনের ৫০ জন সমর্থক আহত হন। নাসির উদ্দিন ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের আবেদন করেছেন। বিজয়ী প্রার্থী ‘আওয়ামী লীগ-সমর্থিত’ আক্তারুজ্জামানের সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে তাঁরা ভোটের হিসাব করছিলেন। পুলিশ এসে তাঁদের ওপরও হামলা চালায়। এতে ওয়ার্কার্স পার্টির রাজশাহীর জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গোদাগাড়ী থানা আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ ১০-১১ জন আহত হন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, উদ্দেশ্যমূলকভাবে নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলার ধামাইনর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য রমজান আলীর সমর্থকেরা পরাজিত প্রার্থী আজিজুল হকের সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এতে আজিজুলের সমর্থক নজরুল ইসলাম (৩৮), তাঁর স্ত্রী ফুলি বেগম (৩০), নুরুল ইসলাম (৭০), আনোয়ারা বেগম (৬০), ফরিদুল ইসলাম (৩০) ও ইব্রাহিম হোসেন (৫৫) আহত হন। বাগমারা (রাজশাহী): উপজেলার শ্রীপুর ইউপির ‘আওয়ামী লীগ-সমর্থক’ মকবুল হোসেন মৃধার সমর্থকদের সঙ্গে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ‘বিএনপি-সমর্থক’ আকবর আলী মল্লিকের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের মধ্যে জামাল উদ্দিন (৪০), সাইদুর রহমান (৩৮), জাকির হোসেন (২৯), মোহর আলী (৫৮), হাবিবুর রহমান (২৬) ও আয়তুল ইসলামকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই আকবর আলী মল্লিকের কর্মী।