নির্বাচিত হলে রাজশাহীর বন্ধ রেশম কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন—নির্বাচনী ইশতেহারে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ফজলে হোসেন বাদশা। তিনি রাজশাহী সদর আসনে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু রাজশাহী রেশম কারখানা বন্ধই রয়েছে।
এদিকে ঠাকুরগাঁও রেশম কারখানাটি চালু করার বিষয়ে সম্ভাব্য সমীক্ষা সম্পাদনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এখন রাজশাহীর মানুষের দাবি, রাজশাহীর রেশম কারখানাটিও খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হোক। তাহলে রাজশাহী ফিরে পাবে রেশমের ঐতিহ্য। রক্ষা হবে সাংসদের প্রতিশ্রুতি। ইতিমধ্যে রেশমকে রাজশাহী জেলার ব্র্যান্ড করার সিদ্ধান্ত হয়েছে। ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং বিষয়ক প্রস্তুতি সভায় সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেশম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশে ঠাকুরগাঁও রেশম কারখানাটি চালু করার বিষয়ে সম্ভাব্যতা-সমীক্ষা সম্পাদনের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই মাসের মধ্যে এই সমীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে চিঠিতে সহকারী সচিব হায়দার আলী মোল্লা স্বাক্ষর করেছেন। এই চিঠির অনুলিপি শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ১৫ কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিসুল হক ভূইয়া ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, তাঁরা বৈঠক করে ঠাকুরগাঁও কারখানা খুলে দেওয়ার ব্যাপারে প্রতিবেদন দেবেন। রাজশাহীর কারখানা খোলার বিষয়ে তিনি বলেন, রাজশাহীর কোনো খবর নেই।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর কারখানাটি নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে সরকার প্রায় ১০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কিনে দিয়ে কারখানাটির আধুনিকায়ন করে। ২০০২ সালের ৩০ নভেম্বর মূলধন না থাকার অজুহাতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ৩০০ শ্রমিক বেকার হয়ে পড়েন। পাশাপাশি রেশমকে ঘিরে আরও প্রায় ৫০ হাজার পলুচাষি বিপাকে পড়েন। সে সময় আন্দোলন করেও কারখানাটি চালু করতে পারেননি রাজশাহীবাসী। হতাশা থেকে এ অঞ্চলের পলুচাষিরাও চাষ কমিয়ে দেন।
২০০৭ সালে প্রতিষ্ঠানটি প্রাইভেটাইজেশন কমিশনের কাছে চলে যায়। ২০১৪ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কারখানাটিকে ফেরত চেয়ে কমিশনে চিঠি দেয়। কমিশন মন্ত্রণালয়কে পাল্টা চিঠি দিয়ে বলে, এটি যেহেতু লোকসানি প্রতিষ্ঠান এবং প্রাইভেটাইজেশন কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা, তাই এ বিষয়ে তারাই ব্যবস্থা নেবে। মহাপরিচালক আনিসুল হক ভূইয়া বলেন, ঠাকুরগাঁও কারখানাটিও প্রাইভেটাইজেশন কমিশনের হাতে রয়েছে। এখনো তারা ফেরত দেয়নি।
কারখানাটি খুলে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান তাঁদের নির্বাচনী ইশতেহারে রেশম কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংসদের উচিত তাঁর প্রতিশ্রুতি রক্ষা করা। শিগগির কারখানাটি খুলে দেওয়া হোক।
রাজশাহী রেশম কারখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বলেন, এ কারখানায় কর্মচারী ছিলেন প্রায় ৩০০ জন। কারখানা বন্ধ করে দেওয়ার পর তিনি দুই-আড়াই বছর পর্যন্ত শ্রমিকদের নিয়ে ঢাকায় দৌড়াদৌড়ি করেছেন। তাঁরা ঢাকায় গিয়ে সাংসদকে বলেছিলেন। সাংসদ তখন কারখানা খুলে দেওয়ার কথা সংসদে তুলেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
সাংসদ ফজলে হোসেন বলেন, রাজশাহীর বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে বলেছেন। মন্ত্রী চিঠি দিয়ে প্রাইভেটাইজেশন কমিশনকে বলেছেন। কিন্তু কমিশন কোনো জবাব দেয়নি। তিনি বলেন, এই বছরের মধ্যে রাজশাহী রেশম কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন।