রাজশাহী রেশম কারখানার চাকা ঘুরল ১৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৫ বছর পর রাজশাহী রেশম কারখানার চাকা ঘুরল। আজ বুধবার দুপুরে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন রেশম কারখানার একটি লুমের সুইচ অন করেন। সঙ্গে সঙ্গে ১৫ বছর আগে বন্ধ হওয়া লুমের চাকা ঘুরতে শুরু করে।

এ সময় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহীর বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য নূর-উর-রহমানসহ বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেশম উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের ১৪ নভেম্বরের সভায় কারখানাটি স্বল্প পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তিন স্তরে কারখানা চালু করা হবে। আগামী দেড় মাসের মধ্যে প্রথম স্তরে কাজ শুরু হবে।
রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রায় ১০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে। লোকসান থাকলেও কোম্পানিটি তখন ভালোই চলছিল। কিন্তু মূলধন না থাকার অজুহাতে বিএনপি সরকার ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। ওই সময় কারখানাটির কাঁধে ছিল ১ কোটি ১৩ লাখ টাকার ঋণের বোঝা।
ওই সময় সেখানে কর্মরত ছিলেন প্রায় ৩০০ স্থায়ী শ্রমিক। বন্ধের পর স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চার শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন। পাশাপাশি বিপাকে পড়েন আরও প্রায় ৫০ হাজার পলুচাষি (তুঁতগাছ চাষ করে যেসব চাষি। এ গাছের পাতা খেয়েই রেশম পোকা সুতা কাটে)। সে সময় আন্দোলন করেও কারখানাটি চালু করতে পারেনি রাজশাহীবাসী। বাজার না পেয়ে এ অঞ্চলের পলুচাষিদের অনেকেই চাষ কমিয়ে দিতে বাধ্য হন।
সাংসদ ফজলে হোসেন আরও বলেন, ‘কারখানাটি চালু হলে রাজশাহী অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে রেশম গবেষণা কেন্দ্রেও একটি মডেল কারখানা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। যাতে করে বাইরের মানুষ এসে সত্যিকারের রাজশাহী সিল্ক সম্পর্কে অবহিত হতে পারে।’