রাজশাহী শহর উন্নয়নের মহাপরিকল্পনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ছবি: মোশতাক আহমেদ
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ছবি: মোশতাক আহমেদ

মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) অনুসারে রাজশাহী শহর উন্নয়নের বিধান যুক্ত করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইনে মহাপরিকল্পনার পরিপন্থী ভূমি ব্যবহার করলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন বিষয়ের জন্যও কিছু সাজার বিধান রাখা হয়েছে।

সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন ২০১৭-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর বিধানাবলি আয়কর আইন ২০১৭ হিসেবে পাস করার জন্য মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা মূলত ১৯৮৪ সালের পর থেকে যতগুলো সংশোধন করা হয়েছে, সেটা সমন্বিত করে করা হয়েছে। নতুন কোনো পরিবর্তন নেই।