রাজশাহী শহর রক্ষা বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে
জেলা প্রশাসন সতর্ক করে দেওয়ার পরও রাজশাহী শহর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে ট্রাকে বাঁধের ওপর দিয়ে বালু পরিবহন করা হচ্ছে। এতে বাঁধ এবং এর পাশে থাকা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিশাল এলাকার অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।গত ১২ সেপ্টেম্বর রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনকারীদের উদ্দেশ্যে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী জেলার কোনো নদী বা বালুমহাল বালু বা মাটি উত্তোলনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়নি। এই অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর তীরসংলগ্ন বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।এতে আরও উল্লেখ করা হয়েছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা অনুযায়ী, ইজারা গ্রহণ ব্যতীত বালু উত্তোলন. পরিবহন, বিপণন ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে এ কাজ অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। বালু উত্তোলন বন্ধ না করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর পরও বালু উত্তোলন বন্ধ হয়নি।এ ব্যাপারে ১ নভেম্বর রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, নগরের পাঠানপাড়া মহল্লার সাইদুর রহমানসহ কয়েকজন শ্রীরামপুর মৌজার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পাশে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকার কাছ থেকে পদ্মা নদী খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আগামী বর্ষা মৌসুমে বাঁধসংলগ্ন ২ নম্বর গ্রোয়েন হুমকির মুখে পড়বে। সাইদুর রহমান ও তাঁর লোকজন বালু উত্তোলন করে নদীর তীরে মজুদ করেন, তারপর বাঁধ কেটে রাস্তা তৈরির পর সেখান থেকে বালু ট্রাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। ২ নভেম্বর পাউবো, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ মহানগর পুলিশ কমিশনারের কাছে একই অভিযোগ করেন।৩ নভেম্বর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় কারাগারের ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, পদ্মা নদী থেকে বালু নিয়ে শত শত ট্রাক কারাগারসংলগ্ন পূর্ব পাশের রাস্তাটি ব্যবহার করে দিনরাত চলাচল করছে। এতে কারাগারের পূর্ব পাশের দেয়ালে ঝাঁকুনি লাগছে। ফলে দেয়ালে ফাটলসহ যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এতে তাঁরা বন্দীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন। বালু তোলার ঘটনায় জড়িত সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সাইদুর রহমানের নিয়োগ করা লোকদের কাছ থেকেও তাঁর ফোন নম্বর সংগ্রহ করা সম্ভব হয়নি।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ২৫০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর তীর সংরক্ষণের কাজ করা হয়েছে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে এত বড় কাজ সম্পূর্ণ ভেস্তে যাবে।নগরের রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি আসার পর খোঁজ নিয়ে এ বিষয়ে বলতে পারবেন।রাজশাহী পুলিশ কমিশনার ওবায়দুল্লাহ বলেন, পাউবো কোনো অভিযোগ দিয়েছে কি না মনে পড়ছে না। এটা খোঁজ নিয়ে দেখতে হবে।