রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ স্থাপনা উঠছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কার্যালয়
আওয়ামী লীগের কার্যালয়

নোটিশ দিয়েও রাজশাহী শহর রক্ষা বাঁধের ঢালে গড়ে ওঠা প্রায় সাড়ে ৩০০ অবৈধ স্থাপনা অপসারণ করা যায়নি। বরং এ সময় বাঁধের ওপর গড়ে উঠেছে দলীয় কার্যালয়। আগে ছিল আওয়ামী লীগের কার্যালয়। দেখাদেখি বিএনপির কর্মীরাও গড়ে তুলছেন দলীয় কার্যালয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে দখলদারদের তালিকা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত মাসে থানায় দখলদারদের নামে অভিযোগও করা হয়েছে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
পাউবো সূত্রে জানা গেছে, শহর রক্ষা বাঁধের দুই পাশের স্থাপনা সরানোর জন্য আগে থেকেই মৌখিকভাবে দখলদারদের সতর্ক করা হচ্ছে। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় গত বছরের ২৭ ডিসেম্বর দখলদারদের ১৫ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়।
রাজশাহী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুধাংশু কুমার সরকার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘আপনার নির্মাণকৃত স্থাপনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তির সীমানার মধ্যে পড়িয়াছে বিধায় ইহাকে অবৈধ স্থাপনা মর্মে চিহ্নিত করা হইয়াছে। সুতরাং আপনার অবৈধ স্থাপনাটি আগামী ১৫ দিনের মধ্যে সরাইয়া নেওয়ার জন্য অনুরোধ করা হইল। অন্যথায় সরকারি সম্পত্তি দখল করিয়া অবৈধ নির্মাণের দায়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’
এই নোটিশের মেয়াদ গত ১০ জানুয়ারি শেষ হয়ে গেছে। এরপর কেউ কোনো স্থাপনা সরায়নি। এদিকে গত মাসে সুধাংশু কুমার সরকার দখলদারদের নামে নগরের বোয়ালিয়া থানায় অভিযোগ করেছেন।
হাদির মোড় এলাকায় বাঁধের ওপর কাঠের বেড়ায় তৈরি আওয়ামী লীগের একটি কার্যালয় রয়েছে। তাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড ঝোলানো। এ ব্যাপারে ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম বলেন, পাউবো সবাইকে নোটিশ দিয়েছিল। কিন্তু কেউ নিজ দায়িত্বে স্থাপনা অপসারণ করেনি। এ জন্য তাঁরাও করেননি। সরকারিভাবে সবাইকে তুলে দিলে তাঁরাও উঠে যাবেন।

বিএনপির কার্যালয়
বিএনপির কার্যালয়


এবার আওয়ামী লীগের কার্যালয়ের খানিক দূরে বিএনপির স্থানীয় কর্মীরা একটি টিনের ঘর তৈরি করেছেন। তবে তাঁরা এখনো দলীয় কোনো সাইনবোর্ড টাঙাননি। এই কার্যালয়ে ওঠবস করেন বিএনপির স্থানীয় কর্মী মোহাম্মদ সেলিম। জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা সাইনবোর্ড দিয়ে কার্যালয় করেছেন। তাঁদের ওখানে রীতিমতো দলীয় কর্মকাণ্ড চালানো হয়। কিন্তু তাঁরা (বিএনপি) যে কার্যালয় করেছেন, সেখানে শুধু যে বিএনপির লোকজন বসেন তা-ই নয়, পাড়ার অন্য দলের ছেলেরাও বসেন। বাঁধে স্থাপনা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, সবাই করছে, তাই তাঁরাও করছেন।
২০ জুন নগরের শাহ মখদুম কলেজ থেকে তালাইমারী শহীদ মিনার এলাকা পর্যন্ত শহর রক্ষা বাঁধ ঘুরে দেখা যায়, বাঁধের উত্তর পাশে তেমন কোনো স্থাপনা নেই। তবে দক্ষিণ পাশে গড়ে উঠেছে নানা ধরনের স্থাপনা। কোথাও বাঁধের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বাড়ি, কোথাও গড়ে তোলা হয়েছে দোকানপাট। নোটিশ দেওয়ার পরও এসবেরÑকিছুই সরানো হয়নি।
জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা বাঁধের ওপর নির্মিত প্রায় সাড়ে ৩০০ অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন।
এর আগে ২০০৭ সালের ২৮ জানুয়ারি সরকারি নির্দেশে জরুরি ভিত্তিতে যৌথ বাহিনীর সহায়তায় বাঁধের ওপর স্থাপিত দখলদারদের অবৈধ দোকানপাট, ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছিল। পরের বছরই আবার বাঁধটি দখল হয়ে যায়।