রাজশাহী শহর রক্ষা বাঁধে ভাঙন
রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাঁধের ব্লক খুলে নদীতে ভেসে যাচ্ছে। বাঁধের ওপরের অংশও খসে পড়ছে। এর ফলে ওই এলাকা-সংলগ্ন রাজশাহী জেলা পুলিশ লাইনস হুমকির মুখে পড়েছে।
রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় জেলা পুলিশ লাইনসের অবস্থান। এর ঠিক দক্ষিণেই শহর রক্ষা বাঁধ। মাঝে শুধু একটি রাস্তা। জেলা পুলিশের পক্ষ থেকে বাঁধ ও বাঁধের দক্ষিণ পাশে একটা চত্বরে সৌন্দর্য বর্ধন করা হয়েছিল। সেখানে পদ্মা নদীর ধার দিয়ে এক সারি নারকেলগাছ লাগানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ পাশের চত্বরটি আর নেই। নারকেলগাছগুলো নদীর মধ্যে নেমে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত থেকে ভাঙন তীব্র আকার ধারণ করে। নারকেলগাছের সারি নদীতে নেমে যাওয়ার পর ভাঙন দ্রুত বাঁধের কাছে চলে আসে। বাঁধের নিচে ঢালে যে পাথর ফেলানো ছিল, পানির স্রোতের তীব্রতার কারণে সব পাথর সরে গেছে। এখন বাঁধে লাগানো ব্লক খুলে পড়ছে নদীতে।
রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বাঁধের নিচে তাঁদের ‘প্রটেকশন ওয়ার্ক’ করা ছিল। সে জন্য তাঁরা ধারণা করেছিলেন, দক্ষিণ পাশের চত্বরটা ভেঙে গেলেও বাঁধের কোনো ক্ষতি হবে না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, তা ধারণার বাইরে। প্রটেকশন ওয়ার্ক কোনো কাজে আসেনি।
হারুন অর রশিদ জানান, গত সোমবার রাতেই তিনি বাঁধ পরিদর্শন করেছেন। মঙ্গলবার ও বুধবার সেখানে ব্লক ফেলেছেন। কিন্তু পানি কমে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার আর ব্লক ফেলা যায়নি। তিনি বলেন, গত মঙ্গলবার ১০ হাজার জিও ব্যাগ ফেলার জন্য তাঁরা একটা দরপত্র আহ্বান করেছিলেন। গতকালই এর কার্যাদেশ দেওয়া হয়েছে। এ কাজ করতে পারলে বড় কোনো ক্ষতি হবে না বলে আশা করা যায়।