রাজশাহী শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক শ্রেণির বাণিজ্য বিভাগের গতকাল রোববারের পরীক্ষা ভুল প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেছেন।
গতকাল বাণিজ্য বিভাগের নিয়মিত ব্যাচের ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন’ বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা ছিল। এর বিষয় কোড হচ্ছে ২৮৬। একই বিষয়ে পুরাতন ব্যাচেরও পরীক্ষা ছিল কিন্তু তাদের বিষয়ের নাম হচ্ছে ‘অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন’। এর বিষয় কোড হচ্ছে ২৩৩।
গতকাল সকালে অনুষ্ঠিত দুটি পরীক্ষাই ‘খ’ সেটের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই শিক্ষার্থীরা হতভম্ব হয়ে যায়। পুরাতন ব্যাচের প্রশ্নে অর্থায়ন থেকে কোনো প্রশ্নই করা হয়নি। নতুন ব্যাচের প্রশ্নই হুবহু পুরাতন ব্যাচে দেওয়া হয়েছে। শুধু বিষয়ের নাম আলাদা দেওয়া হয়েছে। কোড আলাদা দেওয়া হয়েছে।
এ ছাড়া নতুন ব্যাচের প্রশ্নের মানবণ্টনও বিভ্রান্তিকর ছিল। তিন ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বর উত্তর দেওয়ার জন্য প্রশ্নপত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগের রচনামূলক প্রশ্নের মানবণ্টনের জায়গায় লেখা হয়েছে ১০ গুণন ৬ সমান ১৬।
এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, কয়েকজন ছাত্র তার কাছে এ ধরনের অভিযোগ করেছে। তিনি আজ সোমবার এ নিয়ে বোর্ডে বসবেন। যাতে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখা হবে।