রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি?
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতকে ওএসডি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ধরনের একটি আদেশ দেখা গেছে। তবে চেয়ারম্যান বলছেন, তিনি এ ধরনের আদেশের কোনো কপি পাননি।
ওয়েবসাইটের কলেজ আদেশে দেখা যায়, গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত এই আদেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, প্রেষণ প্রত্যাহারক্রমে আবুল হায়াতকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে আদেশ কার্যকর করার কোনো তারিখ দেওয়া হয়নি। এতে স্মারক নং দেওয়া রয়েছে শ: ৬ /২ এ-১ / ২০০২ (অংশ-১) ৮৫১-শিক্ষা।
জানতে চাইলে আবুল হায়াত বলেন, সরকার তাঁকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। এখন সরকার যেখানে দেবে সেখানে যাওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। তবে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এই আদেশ বিভ্রান্তিকর কি না তাও তিনি বুঝতে পারছেন না। অফিস কপি হাতে পেলে বলতে পারবেন।
গত ১৬ ফেব্রুয়ারি অধ্যাপক আবুল হায়াত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর এক মাস পার না হতেই তাঁকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। তাঁর অপসারণের দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের ব্যানারে একাধিক সমাবেশ করা হয়েছে।
১০ আগস্ট নগরের লক্ষ্মীপুর মোড়ের নাগরিক সমাজের ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশটি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।