রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষক কর্মচারী-ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টায় শিক্ষা বোর্ডের সামনে আয়োজিত কর্মসূচি থেকে ১৫ দিনের মধ্যে চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে ১১ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক কর্মচারী-ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক আবদুল বারি, আবদুর রাজ্জাক, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবুল হায়াত যোগদানের তিন দিন পর তাঁর দুজন নিকটাত্মীয়কে প্রথম শ্রেণির পদে নিয়োগদানের উদ্যোগ গ্রহণ করলে বোর্ডের কর্মচারী-কর্মকর্তারা তা প্রতিহত করেন। কোনো নিয়মনীতি না মেনে এই নিয়োগের উদ্যোগ গ্রহণ করলে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা দেখা দেয়। তাঁরা আরও বলেন, মাধ্যমিক পর্যায়ের পরীক্ষকদের প্রাপ্য সম্মানীর চেকে স্বাক্ষর দেওয়ার সময় তাঁর জন্য টাকার ব্যবস্থা করতে তিনি পরীক্ষা নিয়ন্ত্রককে বলেছেন। অন্যথায় তিনি চেকে স্বাক্ষর দেবেন না বলে জানিয়ে দেন।
অভিযোগের ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত বলেন, তাঁর কোনো নিকটাত্মীয়কে তিনি নিয়োগ দেননি। যে দুজনকে নিয়োগ দিয়েছেন, তাঁদের মধ্যে একজন হিন্দুও রয়েছেন। বোর্ডের ১৯৬১ সালের অধ্যাদেশে এ ধরনের নিয়োগের ক্ষমতা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এই চর্চাটি এখানে ছিল না। তাই তাঁরা বিরোধিতা করছেন। এ জন্য তিনি ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ফাইল স্বাক্ষর না করাসহ অন্যান্য অভিযোগ তিনি অস্বীকার করেন।