রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে আজ বোর্ডের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেন।

কর্মচারী ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের ৩৬ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আদালতে মামলা করে তাঁদের পক্ষে রায় পেয়েছেন। রায়ে বলা হয়েছে, পদ শূন্য থাকা সাপেক্ষে শিক্ষা বোর্ডের স্থায়ী কর্মচারী হিসেবে তাঁদের নিয়োগ দিতে হবে। কিন্তু শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবুল হায়াত এখনই তাঁদের নিয়োগ দিতে অপারগতা জানান। এ জন্য ক্ষুব্ধ কর্মচারীরা আজ বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা শূন্য পদে তাঁদের নিয়োগের দাবি জানান। কিন্তু বোর্ডের চেয়ারম্যান নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের নিয়োগ দেওয়ার কথা জানিয়ে দেন। আদালতের রায়ের পরও নিয়মের কথা বলায় কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। কর্মচারীদের ভাষ্য, তাঁরা আদালতের রায় পেয়েছেন। পদও শূন্য রয়েছে; অথচ চেয়ারম্যান আদালতের রায় মানছেন না।

এ ব্যাপারে চেয়ারম্যান আবুল হায়াত প্রথম আলোকে জানান, তিনি নিয়মের বাইরে কিছু করবেন না। তাঁর দাবি, কর্মচারীরা একতরফা রায় পেয়েছেন। তিনি জানান, এই মামলায় বোর্ডের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিল না। তিনি চাচ্ছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে। তখন রায় কর্মচারীদের পক্ষে গেলে তা আইনসিদ্ধ হবে। এ জন্য তিনি কর্মচারীদের একটু অপেক্ষা করতে বলেছেন। কিন্তু তাঁরা ধৈর্য ধরতে পারছেন না।