রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাৎক্ষণিক বদলি
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াতকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে। গত সোমবার জারি করা শিক্ষা মন্ত্রণায়ের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানকে গতকাল মঙ্গলবারের মধ্যে ঢাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় গতকাল বিকেলের মধ্যে তিনি তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চেয়ারম্যান গত রোববার থেকে গতকাল পর্যন্ত ছুটি নিয়ে ঢাকায় চলে যান। ছুটিতে থাকা অবস্থাতেই গত সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চেয়ারম্যানের তাৎক্ষণিক বদলির আদেশ দেখা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত ওই আদেশে স্বাক্ষর করেছেন।
গতকাল মুঠোফোনের সংযোগ না পাওয়ার কারণে বদলির আদেশ পাওয়া চেয়ারম্যান আবুল হায়াতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জানাও যায়নি যে তিনি ঢাকায় যোগদান করেছেন কি না। তবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ খোঁজ নিয়ে চেয়ারম্যানের তাৎক্ষণিক বদলির আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি আবুল হায়াত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। কয়েক দিন পরেই তিনি তাঁর দুই বিশ্বস্ত লোককে কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে তাঁর বিরুদ্ধে বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষ দেখা দেয়। গত ৭ মার্চ তাঁর অপসারণের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে জাতীয় শিক্ষক কর্মচারী-ফ্রন্টের রাজশাহী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর থেকে বিভিন্ন ইস্যুতে তাঁর অপসারণ দাবিতে আন্দোলন চলে আসছিল।