রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে তালা
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে গতকাল মঙ্গলবার তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই তালা লাগানো হয়েছে বলে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন।
শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বেতন দেওয়া ও না দেওয়া নিয়ে বোর্ডের চেয়ারম্যান ও সচিবের মধ্যে বিরোধের জেরে বোর্ডে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ১৩ জুলাই নিজ কার্যালয়ে লাঞ্ছিত হন সচিব আবুল কালাম আজাদ। এ ঘটনায় তিনি তিনজন কর্মচারীকে আসামি করে ১৫ জুলাই রাজপাড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই মামলার পর সচিব আর কার্যালয়ে যাননি।
বোর্ড সূত্র জানায়, সচিব কার্যালয়ে না আসায় সরকারের অনুমতি থাকলেও ঈদের আগে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের জুলাই মাসের অগ্রিম বেতন দেওয়া সম্ভব হয়নি।
সূত্র জানায়, ১৩ জুলাইয়ের ঘটনার পর সচিব মাত্র দুদিন কার্যালয়ে গেছেন। ১৬ জুলাই তাঁর পক্ষে জাহিদুল ইসলাম নামের একজন দিনমজুর নৈমিত্তিক ছুটির জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেন। এরপর সোমবার রাতে চেয়ারম্যানের ই-মেইলে ২২ জুলাই পর্যন্ত ছুটি চেয়ে আরেকটি আবেদন করেন সচিব। কিন্তু চেয়ারম্যান আবুল হায়াত এই আবেদন গ্রহণ করেননি। এরপর তিনি গতকাল সচিবের কার্যালয়ে তালা লাগানোর ব্যবস্থা করেন। অবশ্য আগে থেকেই কার্যালয়ে আরেকটি তালা ঝুলছিল।
এ বিষয়ে চেয়ারম্যান আবুল হায়াত বলেন, দিনমজুরের মাধ্যমে সচিব নৈমিত্তিক ছুটির যে আবেদন করেছেন তা গ্রহণযোগ্য নয়। এ জন্য সেদিন থেকে তিনি অননুমোদিতভাবে কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তিনি এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। অথচ একটা ফোনও করেননি। তাই ই-মেইলে পাঠানো তাঁর ছুটির আবেদনও মঞ্জুর করা সম্ভব হয়নি।
চেয়ারম্যান বলেন, সচিবের কার্যালয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। সেগুলোর নিরাপত্তার জন্য বিভাগীয় কমিশনারের সঙ্গে টেলিফোনে পরামর্শ করে তালার ওপর তালা মারার ব্যবস্থা করা হয়েছে।