রাজশাহীতে ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার বিকেলে আঞ্চলিক শিক্ষাভবনে হামলা-ভাঙচুর চালিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাজশাহী কলেজের এক ছাত্রকে আটক করেছে। হামলার ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ নিয়ে জেলায় টানা ষষ্ঠ দিনের মতো সহিংসতার ঘটনা ঘটল।
‘রাজশাহীতে টানা পাঁচ দিন ধরে চলছে সহিংসতা’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গত কয়েক দিন ধরে সহিংসতা চলতে থাকায় নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ উদ্বেগ নিরসনে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এ ছাড়া সহিংসতার জন্য আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের ঘাড়ে দোষ চাপালেও এর দায়দায়িত কেউ নিচ্ছে না। খবর প্রকাশের দিন আবারও নতুন করে সহিংসতা ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী কলেজে গতকাল সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের কলেজ শাখার নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিল নিয়ে তাঁরা ক্যাম্পাসের বাইরে গিয়ে সোনাদিঘির মোড়ে রাস্তা আটকে সমাবেশ করেন। সে সময় পুলিশ তাঁদের পাহারায় ছিল। সাড়ে ১২টার দিকে সমাবেশ শেষ হয়। পরে বিকেল পৌনে তিনটার দিকে জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম ওরফে সমাপ্তর নেতৃত্বে নগরের মনিচত্বর থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলকারীরা ওই কলেজের সামনে গিয়ে রাস্তায় খড় জ্বেলে আতঙ্ক সৃষ্টি করেন। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে রাজশাহী আঞ্চলিক শিক্ষাভবনে হামলা ও ভাঙচুর চালান। নেতা-কর্মীরা ভবনের দোতলা পর্যন্ত এক পাশের সব জানালার কাচ ভেঙে ফেলেন। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র আরও জানায়, নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে পুলিশ গিয়ে মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। ১০ মিনিট সংঘর্ষ চলার পর র্যাব ও বিজিবির সদস্যরা পুলিশের সঙ্গে যোগ দেন। পরে ছাত্রদল নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।
এ ব্যাপারে শফিকুল আলম বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ওরফে জুয়েলকে তথ্যমন্ত্রীর বাসায় হামলার ঘটনায় মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে তাঁরা মিছিল বের করেন। রাস্তায় আগুন জ্বেলে প্রতিবাদ জানান। পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এ সময় কিছু ঢিল শিক্ষাভবনে গিয়ে লাগতে পারে। পুলিশ শাহ আলম নামের প্রথম বর্ষের একজন ছাত্রকে আটক করেছে।
শিক্ষাভবনের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, কিছু বুঝে ওঠার আগেই জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে আসতে শুরু করে। তিনি সামান্য আঘাত পেয়েছেন। থানায় সাধারণ ডায়েরি করতে লোক পাঠানো হয়েছে। বিষয়টি মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে কলেজের সামনে অবরোধ করে রাস্তায় আগুন জ্বালান ও শিক্ষাভবনে ভাঙচুর শুরু করেন। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।