রাজশাহী সিটি করপোরেশনে বর্ধিত কর আদায় কার্যক্রম স্থগিত
রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এর ফলে রাজশাহী সিটি করপোরেশন বর্ধিত কর আদায় করতে পারবে না, ২০১৬ সালের আগে যে হার ছিল, সে হারে কর আদায় করতে পারবে বলে জানান আবেদনকারীদের আইনজীবী হাসনাত কাইয়ূম।
আইনজীবী সূত্র বলেছে, ১৯৮৬ সালের দ্য মিউনিসিপ্যাল করপোরেশন ট্যাক্সেশন রুলসের ২০ ও ২১ ধারা অনুসারে বর্ধিত কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে করপোরেশনের পাঁচ বাসিন্দা গত বছর একটি রিট করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১ নভেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে ওই বিধান অনুসারে আবেদনকারী ও অন্য বাসিন্দাদের কাছ থেকে বর্ধিত কর আদায়ের জন্য দেওয়া নোটিশ কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। স্থানীয় সরকারসচিব, রাজশাহী সিটি করপোরেশন ও প্রধান রাজস্ব কর্মকর্তাসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
তবে বিবাদীরা জবাব দেয়নি এবং ওই বিধান অনুসারে বর্ধিত কর আদায় অব্যাহত রাখছে উল্লেখ করে এই কার্যক্রম স্থগিত চেয়ে চলতি সপ্তাহে আবেদন করেন রিট আবেদনকারীরা। এই আবেদনে এর প্রতিবাদে রাজশাহীর নাগরিকেরা ১১ ডিসেম্বর হরতাল, ১৪ জানুয়ারি প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেন বলে উল্লেখ করা হয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে হাসনাত কাইয়ূম প্রথম আলোকে বলেন, ওই আইনের দুটি বিধান অনুসারে ২০১৬ সালে নোটিশ দিয়ে বর্ধিত কর আরোপ শুরু করা হয়। ১৯৮৬ সালের ওই আইনটি অকার্যকর, কেননা সিটি করপোরেশনের কর আদায়ের জন্য ২০০৯ সালের আইনটি এখন প্রযোজ্য হবে। এতে একটি আদর্শ কর তফসিল প্রণয়নের কথা আছে, অথচ এটি না করে আগের আইনে কর বৃদ্ধি করে তা আদায়ে নোটিশ দেওয়া হয়, এটি বেআইনি—এসব যুক্তিতে ওই রিটটি করা হয়েছিল।