রাজশাহী সিটি করপোরেশনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর বৃদ্ধির অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী জজ আদালতের তিনজন আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বাদীরা হলেন আবু রায়হান, আবতাবুর রহমান ও এরশাদ আলী।

রাজশাহীর সিনিয়র সদর সহকারী জজ আদালতে দায়ের করা এ মামলায় রাজশাহী সিটি করপোরেশন, সিটি করপোরেশনের মেয়র, রাজস্ব কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে বিবাদী করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, পৌরকর আইন-৮৬ অনুযায়ী সিটি করপোরেশন গৃহকর বৃদ্ধির নোটিশ দিয়েছে। কিন্তু রাজশাহী পৌরসভা ১৯৮৭ সাল থেকে আর পৌরসভা নয়, এটা সিটি করপোরেশনে রূপান্তরিত হয়েছে। এখন এই নোটিশ সম্পূর্ণ অবৈধ। তা ছাড়াও কর বৃদ্ধিটা জনগণের মতামত ও বাস্তবতার আলোকে করা হয়নি। এ জন্য আরজিতে এই নোটিশের ওপরে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আদালতের বিচারক তানিয়া ফেরদৌস মামলাটি আমলে নিয়েছেন।
মামলার প্রধান বাদী আবু রায়হান জানান, সম্প্রতি কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গৃহকর ৫ থেকে ১০ গুণ বৃদ্ধি করে ইতিমধ্যে বাড়ি বাড়ি নোটিশও পৌঁছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কর ধার্য ও মূল্যায়নের বিরুদ্ধে আপত্তিমূলক দরখাস্তের আবেদন ফরমের (ফরম-পি) মূল্য ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এখন তারা বাড়ি বাড়ি নোটিশ দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে আপত্তি থাকলে ফরম কিনে সংশোধনীর মামলা করতে পারেন।
নগরের কালুমিস্ত্রির মোড়ের বাসিন্দা আলিয়া রুপি জানান, ২০১৩-১৪ অর্থ বছরে তার যে বাড়ির কর তিনি ৩৮৯ টাকা পরিশোধ করেছে, সেই বাড়ির জন্য এবার ৯ হাজার ৫২৫ টাকা ৬০ পয়সা কর ধার্য করা হয়েছে। একইভাবে নগরের গৌহাঙ্গা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শাহ বলেন, গত অর্থ বছরে তিনি ৫২৫ টাকা কর দিয়েছিলেন। এবার তার সাড় আট হাজার টাকা কর ধার্য করা হয়েছে।
এতে নগরবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্ধিত কর প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এ ছাড়া রাজশাহী নগরের মেস মালিক সমিতি আজ সংবাদ সম্মেলন করে এ নোটিশ ও বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম প্রথম আলোকে বলেন, যে আইন দ্বারা রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত হয়, সেই আইন অনুযায়ীই নোটিশ দেওয়া হয়েছে। কারণ নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরপর নতুন করে কর নির্ধারণ করার কথা। সেই হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেও ইতিমধ্যে সিটি করপোরেশন থেকে ঘোষণা করা হয়েছে যে, আলোচনার মাধ্যমে গৃহকর সর্বোচ্চ সহনীয় পর্যায়ে রাখার জন্য বিবেচনা করা হবে। এটা মাইকিং করে বলা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।