রাজশাহী সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
রাজশাহী সিটি করপোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এই বাজেট উপস্থাপন করেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
এবারের বাজেটের আয়তন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানের সিটি করপোরেশনের ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের আয়তন বৃদ্ধি করে আসছে অর্থবছরে ৩৫০ বর্গকিলোমিটার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেটে বকেয়া গৃহকর পরিশোধের জন্য নগরবাসীকে উৎসাহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র মোসাদ্দেক হোসেন জানান, ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৩৯৫ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৮০৮ টাকা। এটি সংশোধন হয়ে ২৩১ কোটি ৬৭ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। ওই অর্থবছরের ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আসছে অর্থবছর শুরুর আগে আরও ১৫ শতাংশ বাস্তবায়নের জন্য বর্তমান পরিষদ কাজ করছে। তিনি বলেন, আগের বছরের বাজেটের চেয়ে এবারের বাজেটের পরিধি বেড়েছে ৪০ শতাংশ। বর্তমান পরিষদ যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তা অব্যাহত থাকলে এবং আগের মতোই সরকারের সহযোগিতা থাকলে এই বাজেটের পূর্ণ বাস্তবায়ন সম্ভব। এই বাজেট দিয়েই সম্ভব ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, এডুকেশন সিটি ও স্মার্ট সিটি নির্মাণ।
মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি একটি প্রস্তাবিত বাজেট ও একটি সম্পূরক বাজেট ঘোষণা করার সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি ক্ষমতার বাইরে ছিলেন ২২ মাস। এটি তাঁর শেষ বাজেট। তাই এ বাজেটে কোনো কর বৃদ্ধি করা হয়নি, বরং বৃদ্ধি করা হয়েছে নাগরিক সেবা। এ বাজেটে নগরের সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। নগরীর উন্নয়নও ত্বরান্বিত হবে।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযম, প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম ও সচিব খন্দকার মাহবুবুর রহমানসহ অন্যান্য কাউন্সিলর, অর্থ কমিটির পরামর্শক, সচেতন নাগরিক কমিটির সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।