রাজশাহী সিটি করপোরেশনের বিরুদ্ধে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের নিউমার্কেট এলাকায় মৎস্য উন্নয়ন করপোরেশনের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রাজশাহী সিটি করপোরেশন ও তাদের ঠিকাদারের বিরুদ্ধে। এই অভিযোগে গত বৃহস্পতিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মৎস্য উন্নয়ন করপোরেশনের একজন কর্মকর্তা। বহুতল বিপণিবিতান নির্মাণের জন্য সিটি করপোরেশন ওই জায়গা দখলের চেষ্টা করেছিল।জানা গেছে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের অধীন নিউমার্কেট এলাকায় সাড়ে ১৪ কাঠা জায়গায় মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার নামের একটি বাজার আছে। সেখানে আছে একটি হিমাগার, একটি বরফকল, ১১টি মাছের আড়ত ও মৎস্য উন্নয়ন করপোরেশনের কার্যালয়। এর পাশেই সিটি করপোরেশনের সাড়ে ৬৭ কাঠা জমি রয়েছে। ওই জায়গায় ‘দারুচিনি প্লাজা’ নামে পাঁচতলা একটি আধুনিক বিপণিবিতান তৈরির কাজ শুরু করেছে সিটি করপোরেশন। স্থানীয় ঠিকাদার জহিরুল ইসলাম সিটি করপোরেশনের সঙ্গে অংশীদারির ভিত্তিতে এই মার্কেট নির্মাণ করছেন।মৎস্য উন্নয়নের কর্মকর্তারা অভিযোগ করেন, ঠিকাদার জহিরুল বেশ কিছুদিন ধরে তাঁদের বাজারের জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে ঠিকাদারের লোকজন মৎস্য উন্নয়ন করপোরেশনে মার্কেট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে শুরু করে। মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তারা বাধা দিতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। পরে বৃহস্পতিবার রাতেই মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা আবদুর রউফ নগরের বোয়ালিয়া থানায় মামলা করতে যান। পরে পুলিশের পরামর্শে তিনি জিডি করেন। গতকাল শুক্রবার সকালে ঠিকাদারের লোকজন আবার মৎস্য উন্নয়নের মার্কেট ভাঙতে যায়। তখন খবর পেয়ে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙার কাজ বন্ধ করে দেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার জহিরুল ইসলাম দাবি করেন, মৎস্য উন্নয়নের মার্কেটটি প্রস্তাবিত ‘দারুচিনি প্লাজা’ প্লটের মধ্যেই। তাই নির্মাণকাজের জন্য তাঁরা ওই মার্কেট ভেঙে জায়গা পরিষ্কার করছেন।তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান স্বীকার করেন, মৎস্য উন্নয়নের মার্কেট তাঁদের নিজস্ব জায়গায়। পাশে সিটি করপোরেশনের জায়গায় বহুতল ভবন নির্মাণের কাজ চলার সময় তাঁদের মার্কেটটি দুর্ঘটনাবশত ভেঙে গেছে। তিনি বলেন, ‘মৎস্য উন্নয়নের জন্য আমরা অন্য কোথাও বাজার তৈরি করে দেব।’