রাজশাহী সিটি কলেজে অধ্যক্ষের কম্পিউটার ফ্যাক্স ফোন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সরকারি সিটি কলেজে নিজেদের পছন্দের ছাত্রদের ভর্তি করানোর লক্ষ্যে ছাত্রলীগের কর্মীরা গতকাল রোববার কলেজ অধ্যক্ষের কম্পিউটার প্রিন্টার, ফ্যাক্স ও ফোন ভাঙচুর করেছেন। তাঁরা উপাধ্যক্ষ ও ভর্তি নিয়ন্ত্রণকক্ষেও ভাঙচুর চালান। তাঁদের বাধার মুখে কলেজ কর্তৃপক্ষ অপেক্ষমাণ তালিকা টাঙাতে পারেনি।
কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া কিছু শিক্ষার্থী অন্য কলেজে চলে যাওয়ায় গতকাল ২০টি আসন খালি হয়। দুপুরের দিকে কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের সভাপতি কলেজের অধ্যক্ষের কাছে গিয়ে এই অপেক্ষমাণ তালিকা টাঙাতে নিষেধ করেন। চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ তালিকা না টাঙানোর বিষয়ে সম্মত হয়। কিন্তু কম্পিউটারে তৈরি করা অপেক্ষমাণ তালিকাটি কোনোভাবে ওই নেতাদের হাতে চলে যায়। এতে তাঁরা ক্ষুব্ধ হন। কিছুক্ষণ পরে ছাত্রলীগের একদল কর্মী অধ্যক্ষের কক্ষের কম্পিউটার প্রিন্টার, ফ্যাক্স ও ফোন ভাঙচুর করেন। এরপর তাঁরা উপাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে তাঁর কম্পিউটার ভাঙচুর করেন। ভর্তিকক্ষের নিয়ন্ত্রণকক্ষে ঢুকে সেখানকার কম্পিউটারও ভাঙচুর করেন।
এর আগে গত ২৮ জুন বেলা দুইটার দিকে রাজশাহী সিটি কলেজে তৃতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলছিল। ওই সময় ছাত্রলীগের সিটি কলেজ শাখার সভাপতি শামসুল আরেফিন ও সাধারণ সম্পাদক নাইমুল হাসানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগের কর্মী ভর্তির বুথে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। পরে ভর্তির কার্যক্রম বন্ধের দাবিতে কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম ও উপাধ্যক্ষ সানাউল্লাহ শেখের কক্ষে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করেন।
এরও দুই দিন আগে ২৬ জুন কলেজের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সময় ছাত্রলীগের কর্মীরা ভর্তির বুথে হামলা চালান। এতে প্রায় দেড় ঘণ্টা ভর্তির কার্যক্রম বন্ধ ছিল।
শিক্ষার্থীদের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার করে টাকা নিয়ে তাদের ভর্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তাঁরা অপেক্ষমাণ তালিকার প্রকৃত শিক্ষার্থীরা যাতে ভর্তি হতে না পারে এ জন্য তালিকা টাঙাতে দিচ্ছেন না। ওই ছাত্রদের পরিবর্তে তাঁরা নিজেদের ছাত্রদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করতে চান। এই সুযোগ না পেয়েই তাঁরা কলেজে ভাঙচুর করছেন।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন বলেন, তিনি কলেজে ছিলেন না। কলেজে কী হয়েছে, তিনি জানেন না। টাকার বিনিময়ে ছাত্র ভর্তি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ কখনো এগুলো করেনি।
ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরই ভর্তি করা হবে। কোনো চাপে মাথা নত করবেন না তিনি।