রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়রের নিয়োগকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের এ আদেশ-সংক্রান্ত আইনজীবী সনদ গত রোববার বিকেলে সিটি করপোরেশনের কর্মকর্তারা হাতে পেয়েছেন। এদিকে সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গতকাল সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাজশাহীর আদালত।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল হক হেলাল আদালতের আদেশ-সংবলিত সনদটি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন। তিনজন প্যানেল মেয়রকে পাশ কাটিয়ে একজন ওয়ার্ড কাউন্সিলরকে মেয়রের দায়িত্ব দেওয়ায় ওই রিট করেন তিনি। গত বৃহস্পতিবার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ নিযাম উল আযীমের নিয়োগকে অবৈধ ঘোষণা করেন। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে এক ফ্যাক্সবার্তায় এ আদেশ-সংক্রান্ত আইনজীবী সনদটি রাজশাহী সিটি করপোরেশনে আসে। এতে একজন প্যানেল মেয়রকে দায়িত্ব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের আদেশের একটি চিঠি এসেছে। তবে সরকারপক্ষ থেকে ওই আদেশ স্থগিত চেয়ে পাল্টা আপিল করা হয়েছে। যেহেতু মন্ত্রণালয় আমাকে নিয়োগ করেছে, মন্ত্রণালয়ের নির্দেশ মানতে আমি বাধ্য।’
২০১৫ সালের ১ জুন রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযাম উল আযীম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পান। রাষ্ট্রপতির আদেশক্রমে আগের দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাঁকে দায়িত্ব প্রদানের চিঠি আসে।
ওই চিঠিতে বলা হয়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার আদালতে গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইন অনুযায়ী ২০১৫ সালের ৭ মে তাঁকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী বরখাস্তের আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে প্যানেল মেয়রদের মধ্যে জ্যেষ্ঠ সদস্যের কাছে তাঁর দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। তা না করায় সিটি করপোরেশনের নাগরিক সেবা অব্যাহত রাখা এবং উন্নয়নমূলক কার্যক্রম চলমান রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযাম উল আযীমকে সিটি করপোরেশনের সব আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণ করা হলো।
বুলবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: সরকারি কাজে বাধা দেওয়ার এক মামলায় বরখাস্তকৃত মেয়র বুলবুলসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মো. মিজানুর রহমান।
২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে রাজশাহী নগরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একই দিন বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, এ মামলায় সাময়িক বরখাস্তকৃত মেয়র ও নগর বিএনপির সহসভাপতি বুলবুল ও নজরুল হুদা এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ বিএনপির ২২ নেতা-কর্মী আসামি। গতকাল দুপুরে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক মিজানুর রহমান। এ সময় আদালতে উপস্থিত না থাকায় বুলবুলসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তিনি।